ফুটপাতের ওপরে থাকা নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিয়েছে মার্কিন দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে ফুটপাতের ওপরে থাকা নিরাপত্তা স্থাপনা গত শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ফুটপাতটি দিয়ে জনসাধারণ চলাচল করতে পারছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের দূতাবাসকে ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিয়ে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে অনুরোধ জানানো হয়। গতকাল ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাসের সামনের ফুটপাত বিশালাকার কংক্রিট ব্লক এবং ব্লকের মাঝে লোহার শিকল দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। ফলে সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হতো। ডিএনসিসি যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের দূতাবাসকে সাধারণ পথচারীদের জন্য ফুটপাত খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়।
ডিএনসিসির অনুরোধে সাড়া দিয়ে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষÿফুটপাতের ওপর থেকে ৪০টি কংক্রিট ব্লক সরিয়ে নেয়। পাশাপাশি ব্লকের মধ্যবর্তী লোহার শিকল অপসারণ করে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ ফুটপাত উন্মুক্ত করে দেয়।
কূটনৈতিক এলাকায় অবস্থিত আটটি দেশের দূতাবাসকে ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা নিজস্ব আঙিনার ভেতরে সরিয়ে নিতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় ডিএনসিসি। যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে এ চিঠি পাঠানো হয়। গুলশান সোসাইটির সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএনসিসির মেয়র বরাবর আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ডিএনসিসির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।