ফুটপাতের নারীদের দৈনিক গড় আয় ১০০ টাকারও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুটপাতে বসবাসকারী নারীদের দৈনিক গড় আয় ১০০ টাকারও কম। পুলিশ ও মাস্তানদের দৌরাত্ম্য, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাব এবং নিরাপত্তা সমস্যাসহ নানা কারণে এসব নারী দুর্বিষহ জীবন যাপন করছেন।গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘জেন্ডার মেলা’র সমাপনী দিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ‘ঢাকায় ফুটপাতে বসবাসকারী নারীদের জীবন ও জীবিকার ধরন’ শীর্ষক গবেষণাটি চালিয়েছে ডেমক্রেসিওয়াচ। প্রতিষ্ঠানটি জেন্ডার মেলারও আয়োজক। গবেষণা প্রতিবেদন সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, ফুটপাতে বসবাসকারী নারীদের আয় বাড়িয়ে এবং তাঁদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দারিদ্র্য বিমোচন সম্ভব।জেন্ডার মেলায় বিকেলে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য আটজন নারীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন: জেসমীন টুলি, মুনিরা রহমান, প্রতিভা মুৎসুদ্দি, সাবিনা ইসলাম, আয়েশা নিজাম উদ্দীন, অধ্যাপক সুফিয়া আহমেদ, অধ্যাপক লতিফা আকন্দ ও তাহরুন্নেসা আবদুল্লাহ। গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ডেইলি ইন্ডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম।