ফুটপাতের বাজারে সচ্ছল ক্রেতাদের ভিড়
একটা সময় ছিল, যখন সমাজের নিম্নবিত্ত মানুষ কাপড়চোপড় কেনার জন্য ফুটপাতের দোকানপাটে ভিড় জমাত। সেই চিত্র এখন পাল্টেছে। বিগত কয়েক বছরের মতো এবারও রাজধানীর ফুটপাতগুলোতে বাহারি শীতের কাপড় কিনতে আর্থিকভাবে সচ্ছল ক্রেতাদের ব্যাপক সমাগম হচ্ছে। এখানে কাপড়ের দাম কিছুটা কম, মানও ভালো, তারা মনের আনন্দে কেনাকাটা করছে।গতকাল সোমবার ঢাকা কলেজের উল্টো দিকে অসংখ্য দোকানিকে শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসতে দেখা যায়। তাঁদের কেউ শীতের চাদর নিয়ে বসেছেন, কেউ বসেছেন বিভিন্ন ধরনের সোয়েটার, মাফলার নিয়ে, কেউ কেউ শুধু টুপি আর মোজা বিক্রি করছেন। বড় বড় দোকানের সামনে রাস্তা থেকে শীতের পোশাক কেনার কারণ কী, জানতে চাইলে ঢাকার একটি অভিজাত ইংরেজি-মাধ্যম স্কুলের শিক্ষক দিনার আহমেদ বলেন, ‘বড় বড় বিপণিকেন্দ্রে একই মানের কাপড় বেশি দামে বিক্রি হচ্ছে। তাই সেখানে না ঢুকে ফুটপাত থেকেই কেনাকাটা করছি।’ডিসেম্বরের মাঝামাঝিতে মোটামুটি শীত পড়ার পরই এসব বাজার জমে উঠেছে। গরমকালে যাঁরা টি-শার্ট, ট্রাউজার বা বাচ্চাদের কাপড় বিক্রি করেন, তাঁরা প্রায় সবাই সপ্তাহ দুয়েক ধরে গমর কাপড় বিক্র করছেন। হাফ সোয়েটার বিক্রেতা সবুজ জানান, দিনে ৭০০-৮০০ সোয়েটার তিনি বিক্রি করছেন।সাইফুল ইসলাম নামের এক শাল বিক্রেতা জানান, তাঁর দোকানে দেশি-বিদেশি সব ধরনের শাল আছে। কুমিল্লার খদ্দর, বগুড়ার হাতে বোনা শালের পাশাপাশি তাঁর কাছে মিয়ানমার, ভারত ও চীনা শাল রয়েছে। দাম ১৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত। তাঁরা বঙ্গবাজার থেকে লটে কাপড় কিনে আনেন।এই শাল বিক্রেতার পাশেই বিক্রি হচ্ছে শীতকালের উপযোগী পার্টি ড্রেস। বিক্রেতা রকিব হোসেন জানান, তাঁর দোকানে ২৫০ থেকে ৪০০ টাকা দামের মধ্যে বিভিন্ন ধরনের টপস রয়েছে। গরিব মানুষ এসব জামা পরেও না, তাঁর দোকানে আসেও না। সচ্ছল ক্রেতারাই আসে। কোনো রকম দরদাম না করেই একসঙ্গে অনেক পোশাক কেনে।ফুটপাতে যেসব সোয়েটার বিক্রি হচ্ছে, সেগুলো দেশে তৈরি। বিক্রেতাদের দাবি, এসব সোয়েটার মানসম্পন্ন এবং বিদেশে রপ্তানি হচ্ছে। খালি চোখে কোনো খুঁত ধরার সুযোগ নেই, কোনো কারণে হয়তো বিদেশি ক্রেতারা বাদ দিয়েছেন। শিশুদের ট্রাউজার, টুপিসহ জ্যাকেটসেটও দেশে তৈরি। নারায়ণগঞ্জে তৈরি এসব পোশাকের দাম ১৫০ থেকে ২০০ টাকা। দেদারসে বিক্রি হচ্ছে মাফলার, টুপি ও মোজা। যারা পোশাকের সঙ্গে মানানসই মাফলার গলায় ঝুলিয়ে রাখতে পছন্দ করে, এমন ক্রেতার বেশ ভিড় রয়েছে দোকানগুলোয়। মাফলারে কোনো দামাদামি নেই, একদাম প্রতিটি ১০০ টাকা।ক্রেতা-বিক্রেতা উভয় তরফেরই মন্তব্য, গরম কাপড়ের দাম বেড়েছে। সোয়েটার বিক্রেতা তানভীর হোসেন জানান, গত বছর যে সোয়েটার তিনি ৩০০ টাকায় বিক্রি করেছেন, তার দাম এ বছর ৪৫০ টাকা। গৃহবধূ রুমানা রহমান বেশ বিরক্তির সঙ্গেই বললেন, ‘ফুটপাত থেকে জিনিস কেনার সময় খুবই সতর্ক থাকতে হয়। বড় দোকানগুলোর সঙ্গে এসব দোকানের কাপড়ের মানের একটু হলেও হেরফের আছে। তবু ফুটপাতের দোকানিরা চড়া দামে জিনিস বিক্রি করছেন।’যাদের টাকা-পয়সার জোর কম, আরও সস্তা খুঁজছে, তাঁরা পুরোনো কাপড় কিনছে। বিক্রেতা আবদুস সালাম জানালেন, এসব সোয়েটারের দাম ৬০ থেকে ১০০ টাকা। চার-পাঁচ বছর ধরে তিনি পুরোনো কাপড়ের ব্যবসা করছেন। এ বছরও ক্রেতা পাচ্ছেন, তবে খুব বেশি নয়।