ফুটপাত-সড়ক দখল করে নার্সারি

মোহাম্মদপুরের রিং রোডের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাত ও সড়ক দখল করে গাছ বিক্রির নার্সারি গড়ে তোলা হয়েছে। এ কারণে স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউটের ১ নম্বর ফটকের পাশ থেকে উত্তর দিকে ফুটপাত দখল করে রাখা হয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। রাস্তার ওপরেও রাখা হয়েছে গাছের চারাসহ টব। ইনস্টিটিউটের ১ নম্বর ফটকসংলগ্ন সামনের অংশে ছাদে গাছ লাগানোর কাজে ব্যবহৃত কয়েকটি ড্রাম রাখা হয়েছে। এমনকি সড়কে গাছ রেখে নার্সারির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফুটপাতে বাঁশের অস্থায়ী মাচা তৈরি করে ঝুলিয়ে রাখা হয়েছে নানা রঙের মাটির ও প্লাস্টিকের টব। ফুটপাত দখলের কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া গাছের চারা রাখার কারণে সড়কও ওই অংশে সংকুচিত হয়ে গেছে।
স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এখানে নার্সারির ব্যবসা চলছে। সিটি করপোরেশন একাধিকবার এই এলাকায় ফুটপাতের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও নার্সারিটি উচ্ছেদ করা হয়নি। এদিকে দিনে দিনে নার্সারিটির পরিধিও বাড়ছে।
রিং রোডের বাসিন্দা মো. আকবর আলী বলেন, ‘ফুটপাত দখল করে নার্সারি গড়ে তোলায় পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। আমরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছি।’ তিনি বলেন, ব্যস্ত সড়কের একাংশ দখলে চলে যাওয়ায় প্রায় নিয়মিত এখানে যানজটের সৃষ্টি হয়।
বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের শিক্ষার্থী সুমন শিকদার বলল, গত বছর শুরুর দিকে ফুলগাছের কিছু চারা নিয়ে একজন লোক এখানে বসতেন। তখন মূলত স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে সেগুলো বিক্রি করা হতো। ধীরে ধীরে নার্সারির আকার বড় হতে থাকে। এখন পুরো ফুটপাত বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম বলেন,
স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সিটি করপোরেশনের এস্টেট বিভাগকে জানানো হয়েছে। এখন এস্টেট বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।