ফুলে ফুলে ভরে উঠছে নার্সারিগুলো

বাতাবি লেবু পেকে হলুদ হয়ে আছে। থোকা থোকা কমলাও ঝুলছে। সবুজের ফাঁকে আনারের লাল রং দেখলেই তো জিবে জল এসে যাবে। ফুলও কম যায় না। নানা রং ও ঢঙে ফোটার প্রতিযোগিতায় মেতেছে তারা। চোখের দৃষ্টিও এক জায়গায় স্থির রাখা কঠিন। শীত আসছে। সবুজ ও বাহারি রঙে ভরে উঠছে নগরীর নার্সারিগুলো।
জামিল হোসেন মহাখালী থেকে পরিবার নিয়ে এসেছেন আগারগাঁওয়ের একটি নার্সারিতে। চার বছরের ছোট্ট রাইসা বাবার কোলে চড়েই গাছ দেখছে। ফুলগাছের প্রতি ওর আগ্রহ বেশি। যেটা দেখছে সেটাই নেবে। জামিল বলেন, ‘গাছের প্রতি ঝোঁক আমাদের বাসার সবার। শীত এলেই সবাই মিলে গাছ কিনতে বের হই।’ এবার তিনি কয়েক জাতের গোলাপ কিনবেন।
গতকাল আগারগাঁওয়ের কয়েকটি নার্সারিতে ঘুরে দেখা যায়, ফুল, ফল, শীতের সবজিসহ বিভিন্ন জাতের গাছের বিকিকিনি চলছে। বেড়েছে নার্সারির ব্যস্ততাও।
আগারগাঁও সিগন্যালে ইগল টাওয়ারের পাশে বেশ বড় জায়গায় গড়ে উঠেছে সবুজ বাংলা নার্সারি। বছর খানেক ধরে শুরু হয়েছে। ঢুকতেই দেখা যায় মালিরা গাছের যত্ন নিতে ব্যস্ত। লাল, গোলাপি, হলুদ, সাদা রঙের গোলাপ পাপড়ি মেলে তাকিয়ে আছে। পাশেই বাহারি রঙের জিনিয়াও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ফুটে আছে শীতের ফুল-গাদা, নয়নতারা, ডালিয়া, কসমস। থোকায় থোকায় ঝুলছে লেবু, সফেদা, পেয়ারা। এদিক-ওদিক চোখ বুলালেই দেখা যায় নানা প্রজাতির গাছ। মিলবে চোখ ও মনের প্রশান্তি। টমেটো, বেগুন, লাউসহ শীতের সবজির চারাও আছে।
সবুজ বাংলা নার্সারির তত্ত্বাবধায়ক নোমান মাহমুদ বলেন, বিদেশি ফুল-ফলের গাছও পাওয়া যাবে। অ্যাভাকাডো, ডুরিয়ান, রামবুটান, আলু বোখারা ও আমের বিদেশি জাতের ফলের গাছ পাওয়া যাবে। গাছ ও আকার ভেদে দাম পড়বে ৫০০ থেকে ৫ হাজার টাকা। তিন বছরেই ডাব ধরবে এমন গাছ আছে। কাউ, আতা, ডেউয়া ও ডুমুরের মতো দেশি ফলও আছে। এ নার্সারিতে ২৪৫ প্রজাতির গোলাপ পাওয়া যাবে। শোভা বর্ধনকারী বিভিন্ন লতাগুল্ম, কাঠের গাছও দেখা যায়।
বৃষ্টি নার্সারির মোবারক হোসেন অনেক আগে থেকেই এ পেশার সঙ্গে যুক্ত। তাঁর এখানে পাওয়া যাবে ১০০ প্রজাতির গাছ। মূলত ফুল ও ফলের গাছই বেশি। সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা দামের গাছ পাওয়া যাবে। মোবারক বলেন, ‘নার্সারির ব্যবসা ভালো, কিন্তু আমাদের কোনো জায়গা নেই। সরকারের এদিকে নজর দিতে হবে।’ তিনি আরও বলেন, নার্সারিগুলোতে শুধু শৌখিন মানুষেরাই আসেন না। শিক্ষার্থীরাও আসে। গাছ, পাতা নিয়ে যায় পড়ার উপকরণ হিসেবে।
আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছোট-বড় প্রায় ২৫টি নার্সারি আছে। এখানকার নার্সারিগুলোতে গাছের পাশাপাশি সার, কীটনাশক, ওষুধ, বীজ ও গাছ পরিচর্যার সামগ্রী পাওয়া যাবে। জেলাভিত্তিক নামের নার্সারিরও দেখা মিলবে। পটুয়াখালী নার্সারিতে কর্মরত আইয়ুব আলী ক্রেতাদের চাহিদা অনুযায়ী গাছ দেখাচ্ছেন। বললেন, দম ফেলার ফুরসত নেই। শীতকালীন ফুলের গাছ নিয়ে ব্যস্ত।
মিরপুর, এয়ারপোর্ট সড়ক, দোয়েল চত্বর, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানেও নার্সারি গড়ে উঠেছে। বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল হক বলেন, ঢাকায় ছোট-বড় মিলিয়ে ৫০০-এর মতো নার্সারি আছে। গাছ আসে আশুলিয়া থেকে। ঢাকায় প্রতিদিন গাছ নিয়ে প্রায় ৫০টি পিকআপ আসে। আবদুল হক বলেন, ‘গাছ লাগাতেই হবে। সৌন্দর্যের জন্য হোক আর প্রয়োজনে হোক।’ নার্সারির জন্য নির্দিষ্ট বাজার না থাকায় হতাশা প্রকাশ করলেন। বললেন, একাধিকবার সরকারের কাছে যাওয়া হয়েছে। কিন্তু আশ্বাস পর্যন্তই। কাজ এগোয়নি। বড় কিছু দোকান বাদে বেশির ভাগ নার্সারি চাঁদা দিয়ে ফুটপাতে ব্যবসা করছে।