ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা ছাত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে এক কলেজছাত্রী দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক ছাত্রী। হাকিম এ কে এম এমদাদুল হক মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন।মামলায় বাদিনী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিসূত্রে সঞ্জয় দে ওরফে রিপন নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে সঞ্জয় তাঁকে আবু রেজা নামের আরেক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁরা দুজন ভালো চাকরি দেওয়ার নামে তাঁকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কার্যালয়ে নিয়ে যান। তাঁরা জানান, আলোছায়া নামে কালের কণ্ঠ পত্রিকার একটি প্রকাশনা আছে। আবু রেজা এ পত্রিকার প্রকাশক এবং সঞ্জয় দে ওরফে রিপন সহসম্পাদক। কালের কণ্ঠ পত্রিকার কার্যালয়ে নিয়ে তাঁকে এ ধারণা দেওয়া হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।বাদিনী অভিযোগ করেন, গত ১ জুন তাঁকে আলোছায়ায় চাকরি দেওয়া হয়। এরপর সঞ্জয় তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করার পর থেকেই সঞ্জয় ও রেজা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময় তাঁর ছবি তোলেন। পরে সেই ছবি বিকৃত করে তাঁরা ফেইসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলেন।মামলার অভিযোগে আরও বলা হয়, ফেইসবুকে ওই ভুয়া অ্যাকাউন্টে রেজাকে তাঁর স্বামী হিসেবে দেখানো হয়। চাকরি ছেড়ে দেওয়ার পরও তাঁরা দুজন তাঁকে ও তাঁর পরিবারকে প্রতারণা করার চেষ্টা করেন। তাঁরা মুঠোফোনে চাঁদাও চান। বাদিনীর বিয়ে ঠিক হলে ফেইসবুকের সেই ছবি দেখিয়ে সে বিয়ে ভেঙে দেওয়া হয়।মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।