গত দুই দিনে রাজধানীতে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, গত শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) একটি দল গোপন খবরের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টার-সংলগ্ন আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৬), উৎপল দাস গুপ্তকে (৩৫) ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকারসহ আটক করে। ওই প্রাইভেটকার থেকে ৫৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই দিন র্যাব-৪-এর একটি দল মিরপুর ১১ নম্বর সেকশনের ১২ নম্বর সড়কের ওয়াপদা ভবনের পেছনের গলিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালু মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ২০০ বোতল মদ উদ্ধার করে। ওই দলটি ওয়াপদা ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে গত শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শেরেবাংলা নগরে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যান আটক করে। ডিবি পুলিশ ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অভিযোগে শহীদুল ইসলাম (৪২) ও শামসুল হক (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ডিবি কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা স্বীকার করেন, তাঁরা যশোরের বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।