ফেব্রুয়ারিতে উত্তরা ও পূর্বাচলের পাঁচ হাজার প্লট হস্তান্তর
আবেদন করার প্রায় ১৪ বছর পর উত্তরা তৃতীয় প্রকল্পে এবং ১০ বছর পর পূর্বাচল উপশহর প্রকল্পে (রূপগঞ্জ) প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে। আবেদনকারীদের প্রায় পাঁচ হাজার ১৮৫টি প্লট বাস্তবে বুঝিয়ে দেওয়া হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এ দুই প্রকল্পে যাঁরা প্লট পাচ্ছেন, তাঁদের বেশির ভাগই আবেদন করেছিলেন ১৯৯৭ ও ২০০১ সালে।পূর্বাচলে কাঞ্চন সেতুসংলগ্ন চার নম্বর ও প্রকল্পের মাঝামাঝি এলাকায় অবস্থিত ১৭ নম্বর সেক্টরে যথাক্রমে ৪৭২ এবং এক হাজার ১৫টি প্লট দেওয়া হবে। উত্তরায় ১৫ ও ১৬ নম্বর সেক্টরে প্রায় এক হাজার ৭০০ প্লট বুঝিয়ে দেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এই তথ্য পাওয়া যায়।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, সংস্থার সর্বশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ওই প্লটগুলো বুঝিয়ে দেওয়া হবে। প্রতীকী বরাদ্দ হিসেবে একাধিক আবেদনকারীকে উত্তরা প্রকল্প এলাকায় নিয়ে প্লট হস্তান্তর করা হবে। প্লট বুঝিয়ে দেওয়ার সময় দুই মাস পিছিয়ে যাওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, সব প্লট প্রস্তুত এবং রাস্তাঘাট নির্মাণে আরও কিছু সময় লাগছে।রাজউকের দায়িত্বশীল সূত্র মতে, প্লট বুঝিয়ে দেওয়া হলেও সেখানে খুব দ্রুত বাড়ি নির্মাণ সম্ভব হবে না। কারণ প্রকল্প এলাকায় এখনো বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিষয়ে কাজ হয়নি। রাস্তা ভরাটের কাজ হয়েছে, কিন্তু এখনো চলাচলের পুরো উপযোগী করা হয়নি। রাজউকের চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, দ্রুত সব কাজ শেষ করার চেষ্টা চলছে।উত্তরা প্রকল্পের ১৫ ও ১৬ নম্বর সেক্টরে প্লট রয়েছে চার হাজার ৩০০টি। রাজউক সূত্র জানায়, লেক ও মাঠসংলগ্ন প্রায় ২০ শতাংশ প্লট ফেব্রুয়ারিতে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না। বাকি তিন হাজার ৬৯৮টির মতো প্লট বুঝিয়ে দেওয়া হবে। যাঁরা এ দুটি সেক্টরে প্লট পেয়েছেন, তাঁদের বেশির ভাগ ১৯৯৭ সালে এবং ২০০৪ সালে আবেদন করেছিলেন। উত্তরা প্রকল্পের বাকি দুটি সেক্টরের মধ্যে ১৮ নম্বর সেক্টরে ফ্ল্যাট প্রকল্প থাকবে। ১৭ নম্বর সেক্টরে কিছু ২০০৪ সালের এবং বাকি প্লট সর্বশেষ আবেদনকারীদের (২০০৮-০৯)।পূর্বাচল প্রকল্পে দুটি সেক্টরে এক হাজার ৪৮৭টি প্লট বুঝিয়ে দেওয়া হবে। যাঁরা ২০০১ সালে পূর্বাচল প্রকল্পে দরখাস্ত করেছিলেন, তাঁদের মধ্য থেকে লটারি ও মনোনয়নের মাধ্যমে বাছাই করা এক হাজার ৪৮৭ জন ওই প্লট পাবেন। বাকি ২১টি সেক্টরের উন্নয়নের কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে রাজউক সূত্র জানায়।পরের আবেদনের খবর: তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের নভেম্বরে রাজউক সংবাদপত্রে উত্তরা ও পূর্বাচলে নতুন প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়। এ প্রকল্পে বেশির ভাগ বরাদ্দ পাওয়া ব্যক্তিকে সাময়িক বরাদ্দপত্র দেওয়া হলেও তাঁরা কবে নাগাদ প্লট পাবেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না রাজউকের সংশ্লিষ্ট ব্যক্তিরা। দায়িত্বশীল সূত্র মতে, উত্তরায় ১৭ নম্বর সেক্টরে ২০১৩ সালের মধ্যে প্লট দেওয়া সম্ভব হলেও পূর্বাচলে (গাজীপুরের কালীগঞ্জ) অনেক জায়গার বাস্তব দখলই এখনো পাওয়া যায়নি। সব জমির দখল কবে পাওয়া যাবে এবং উন্নয়ন করে কবে প্লট, রাস্তাঘাট, লেক, মাঠ ইত্যাদি তৈরি হবে, তা কেউ বলতে পারছেন না।