ফেব্রুয়ারিতে রাজধানীতে জাতীয় কবিতা উৎসব
‘বর্বরতা মানে না কবিতা’ স্লোগান নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের চত্বরে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ৩১তম এই আসর উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী। এবার উৎসবে ১৫টি দেশের খ্যাতিমান কবিরা অংশ নেবেন। অমর একুশে গ্রন্থমেলা, বাংলা একাডেমির আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনসহ অন্যান্য সাংস্কৃতিক উৎসবের সঙ্গে কবিতা উৎসবের সমন্বয় করবেন আয়োজকেরা।
গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। লিখিত বক্তব্যে বলা হয়, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যে কবিতা উৎসবের শুরু ১৯৮৭ সালে, কালের পরিক্রমায় সে উৎসব আজ ৩০ বছর অতিক্রম করেছে। যাবতীয় অশুভের বিরুদ্ধে বাংলাদেশের প্রগতিশীল কবিরা আদি কবিদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সাম্য, মৈত্রী ও শান্তির সপক্ষে জয়গান গেয়েছেন তিন দশক ধরে এ উৎসবকে ঘিরে।
মুহাম্মদ সামাদ বলেন, ‘আমরা দৃঢ় উচ্চারণের মাধ্যমে বর্বরতার বিরুদ্ধে আমাদের কবিতাকে তুলে ধরব। এবারের উৎসবের এই মর্মবাণী বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
জাতীয় কবিতা উৎসব উপলক্ষে টিএসসির দ্বিতীয় তলায় একটি অস্থায়ী বুথ খোলা হয়েছে। সেখানে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নিবন্ধন চলছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৩১তম জাতীয় কবিতা উৎসব ২০১৭-এর আহ্বায়ক কবি রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, কাজী রোজী প্রমুখ।