ফের দখলমুক্ত করা হলো ঢাকা মেডিকেলের সামনের সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ​বৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: মুসা আহমেদ
অ​বৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: মুসা আহমেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত ফের দখলমুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয় ও একটি হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মাত্র সাত দিন আগে এই সড়কের সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছিল ডিএসসিসি। কিন্তু আবারও সেখানে অবৈধ দোকানপাট বসতে শুরু করে। এতে এই সড়কের ফুটপাত আবার দখল হয়ে গেছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি-র প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, গত ২৯ ডিসেম্বর এই এলাকায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যে আবারও ​অবৈধ দোকান বাসায় আজ ফের অভিযান চালানো হয়। পাঁচ-ছয়টি দোকানের মালামাল জব্দ ​করা হয়। আটক করা ব্যক্তিদের প্রাথমিক অবস্থায় জরিমানা করা হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক ও ফুটপাত দখল করে ৫০টি অস্থায়ী দোকান বসেছে। এর মধ্যে ১০টি আছে ভাতের হোটেল। দোকানে বসে খাবার খাচ্ছেন লোকজন। দোকানের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকছে সড়কের ওপরে।

ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে চলছে অভিযান। ছবি: মুসা আহমেদ
ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে চলছে অভিযান। ছবি: মুসা আহমেদ

পথচারী ও ডিএসসিসির অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সহায়তায় এই সড়কে আবার দোকান বসছে। প্রতিটি দোকান থেকে দিনে নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করছেন তাঁরা।
পথচারী ও রোগীদের চলাচলের সুবিধার্থে গত মঙ্গলবার ওই সড়ক থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক তিনটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৫০টি অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ডিএসসিসি। অভিযানে নেতৃত্বে দিয়েছিলেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব।