ফ্রিডম পার্টির সদস্য সফুর জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপস হত্যাচেষ্টার মামলায় ফ্রিডম পার্টির সদস্য শেখ শফিউল্লাহ সফুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ ওই আদেশ দেন।ওই জামিন আবেদনে বলা হয়, সাংসদ তাপস হত্যাচেষ্টা মামলার ঘটনার সঙ্গে আসামি সফুর জড়িত নন। পুলিশ তাঁকে সন্দেহ করে গ্রেপ্তার করেছে। সফুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আটক রয়েছেন। তাই তিনি জামিন পেতে পারেন। গত বছরের ৪ নভেম্বর সফুকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসকে লক্ষ্য করে রাজধানীর মতিঝিলে বোমা হামলা হয়। ওই হামলা থেকে তিনি রক্ষা পেলেও আহত হন ১৩ জন। ওই ঘটনায় পরদিন তাপস মতিঝিল থানায় মামলা দায়ের করেন।