ফ্লাইওভার নির্মিত হলে ঢাকার যানজট কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে উড়াল সড়ক এবং ফ্লাইওভার নির্মিত হলে রাজধানী ঢাকার যানজট অনেকটা কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, যানজট কমে এলে বিএমডব্লিউ মডেলের মতো উন্নতমানের গাড়ি দেশের সড়কে ভালোভাবে চলার সুযোগ পাবে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জার্মানির তৈরি নতুন বিএমডব্লিউ পাঁচ সিরিজের গাড়ির বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান রাষ্ট্রদূত হলগার মিখাইল। এ ছাড়া অন্যান্যের মধ্যে বিএমডব্লিউ গ্রুপের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জোহানেস সিবার্ট ও এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তার প্রমাণ বিএমডব্লিউর মতো দামি গাড়ির ব্যবহার এ দেশে ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, গত অর্থবছরে প্রতিবেশী সব দেশসহ উন্নত বিশ্বের অধিকাংশ দেশের রপ্তানি খাতে যখন নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, তখন বাংলাদেশ ৪ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি খাতে গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং তৈরি পোশাক, হোমটেক্সটাইল, হ্যান্ডিক্রাফট্স, চামড়া, পাট, মৎস্য খাতসহ প্রধান প্রধান প্রায় সব খাতেই রপ্তানি আয় বেড়েছে।জার্মান রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশে উৎপাদিত গাড়ির ৭০ শতাংশ বিদেশে রপ্তানি করা হয় এবং ৩০ শতাংশ নিজেরা ব্যবহার করেন। বিশ্বে বিএমডব্লিউ গাড়ির চাহিদা এতটাই বেড়েছে যে চীনের বাজারে এ গাড়ির চাহিদা প্রতিবছর ৪০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে জার্মানির তৈরি এ গাড়ি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।