ফ্ল্যাট কিনতে মধ্যবিত্তের দরকার স্বল্প সুদে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বাঁয়ে বুয়েটের অধ্যাপক মেহেদি হাসান আনসারি l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বাঁয়ে বুয়েটের অধ্যাপক মেহেদি হাসান আনসারি l ছবি: প্রথম আলো

স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ৫ থেকে ৬ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা গেলে তাঁরা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। একই সঙ্গে পুরোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নিবন্ধন ফি কমানো গেলে দামও নাগালের মধ্যে আসবে। এতে দেশে পুরোনো ফ্ল্যাটের কেনাবেচাও বাড়বে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘দেশের নির্মাণশিল্পের সমস্যা ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই অভিমত উঠে আসে। এতে বক্তারা ঝুঁকিহীন, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও ভূমিকম্প সংবেদনশীল ভবন নির্মাণের ওপর জোর দেন। তাঁরা বলেন, ভালো মানের সিমেন্ট, রডসহ বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রীর ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা দরকার। সঠিক নির্মাণ উপকরণ ব্যবহার ও নিয়মনীতি মেনে ভবন নির্মাণের বিষয়টি তদারক করতে সরকারি সংস্থার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
ক্রাউন সিমেন্ট ও প্রথম আলো যৌথভাবে গোলটেবিল বৈঠকটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আলোচকেরা দেশের বেশির ভাগ মানুষের আবাসন সমস্যা নিরসনে ঢাকা ও চট্টগ্রামে সুউচ্চ ভবন ও আশপাশের এলাকায় স্যাটেলাইট শহর গড়ে তোলার পরামর্শ দেন। তাঁরা বলেন, স্যাটেলাইট শহর হলে স্বল্প ও মধ্য আয়ের মানুষ কম দামে ফ্ল্যাট পাবেন। তবে সেখানে স্কুল-কলেজ, হাসপাতালসহ সব নাগরিক সুবিধার পাশাপাশি মূল শহরের সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থা থাকতে হবে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, যাঁরা ভবন নির্মাণ করেন, তাঁদের দায়িত্বশীল এবং ভোগকারীদের সচেতনতা দরকার। সবচেয়ে বেশি দরকার সরকারের কার্যকর উদ্যোগ। দেশে ভবন নির্মাণ-সংক্রান্ত নীতিমালা ও আইনকানুনের ঘাটতি নেই। এসব নিয়ম মানলে বা মানাতে পারলে অনেক সমস্যার সমাধান হতো। তবে আইনের প্রয়োগে ঘাটতি আছে।
ভবন নির্মাণে খালি জায়গা রাখার নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ঢাকা জনবহুল শহর। এখানে ৪০ তলা ভবন হয়নি। শহর এলাকায় বহুতল ভবন হতে পারে। এ জন্য নতুন নির্মাণসামগ্রী খুঁজে বের করা ও আগের সামগ্রী উন্নত করতে গবেষণার দরকার। সামাজিক গবেষণাও প্রয়োজন।
স্বল্প ও মধ্য আয়ের মানুষ পকেটের টাকায় ফ্ল্যাট কিনতে পারবেন না বলে উল্লেখ করেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন, ‘তাঁদের জন্য আমরা বারবার স্বল্প সুদের ঋণের কথা বলছি।’
রিহ্যাবের এই নেতা বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম ইলাস্টিক নয় যে, টানলেই বড় হবে। দুই শহরে জমির সংকট প্রকট। তাই আমরা ঢাকা-চট্টগ্রামের আশপাশে স্যাটেলাইট শহরের কথা বলছি।’ এ ছাড়া নিবন্ধন ফি কমিয়ে ফ্ল্যাটের সেকেন্ডারি মার্কেট তৈরির কথা বলেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মেহেদি হাসান আনসারি বলেন, রানা প্লাজা ধসের পর সাড়ে ৩ হাজার পোশাক কারখানা পরিদর্শন করা হয়। এতে দেখা যায়, ৫০ শতাংশ কারখানার ভবনের অবস্থা ভালো নয়। এ থেকেই ঢাকার অন্য ভবনের অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। তিনি বলেন, ভবন নির্মাণের সময় নিয়ম মানা হচ্ছে কি না, সেটি তদারকির ভার রাজউক এখন বেসরকারি খাতকে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, ‘দেশে বছরে ৪ কোটি টন কার্বন নিঃসরণ হয়। এর মধ্যে ২৫ শতাংশই ইটভাটা থেকে আসছে। তবে পোড়ামাটির ইট ছাড়াও ভবন নির্মাণ সম্ভব। প্রধানমন্ত্রী ২০২০ সালের মধ্যে পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই দিকেই এগোচ্ছি।’
বেশির ভাগ মানুষ সিমেন্ট কেনার সময় উৎপাদনের তারিখ দেখে না বলে জানান ক্রাউন সিমেন্টের উপদেষ্টা আবদুল মজিদ চৌধুরী। তিনি বলেন, উৎপাদনের ছয় মাস পরে সিমেন্টের গুণগত মান হ্রাস পায়। সঠিক উপকরণ ব্যবহার নিশ্চিত করতে নকশার সঙ্গে নির্দেশিকা দেওয়া যেতে পারে।

রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘দেশের নির্মাণশিল্পের সমস্যা ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘দেশের নির্মাণশিল্পের সমস্যা ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l প্রথম আলো

আবদুল মজিদ বলেন, ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে জেলায় জেলায় প্রকৌশলীদের নিয়ে ডিলারদের সহযোগিতায় সঠিক নির্মাণ উপকরণ ব্যবহারে বাড়ির মালিক ও রাজমিস্ত্রিদের সচেতন করা হয়। তিনি বলেন, ক্রাউন সিমেন্ট বিশেষ ধরনের প্লাস্টার আনছে, যা ১০০ শতাংশ পানি প্রতিরোধী। এ প্লাস্টার ব্যবহার করলে চার দিন বৃষ্টি হলেও এক ঘণ্টায় ভবনের দেয়াল শুকিয়ে যাবে।
অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মিত হচ্ছে কি না, তা যাচাই করার বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন আছে বলে মত দেন সংস্থাটির প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস। তিনি বলেন, রাজউকের মাঠ পরিদর্শকেরা শুধু ভবন নির্মাণে কতটুকু খালি জায়গা রাখা হয়েছে, তা যাচাই করেন।
আর্থকোয়েক সোসাইটির সাবেক মহাসচিব আলী আকবর মল্লিক বলেন, অনেক ভবনেই নিচতলায় গাড়ির গ্যারেজের জন্য খোলা রাখা হয়। ফলে সেখানে দেয়াল থাকে না, থাকে শুধু পিলার। এতে বড় ধরনের ভূমিকম্পে ওই সব ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। জাপানি এক বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছেন, নিচতলায় পিলারের সঙ্গে দেয়াল থাকলে তা ৩০ শতাংশ বেশি চাপ নিতে পারে।
বুয়েটের অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, দেশের আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে নির্মাণসামগ্রী ব্যবহার করা উচিত। যেমন বর্তমানে ভবনের দেয়ালে কাচের ব্যবহার ভাইরাসের মতো বাড়ছে। এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, ঢাকার আশপাশের নদী-নালা ভরাট হয়ে গেছে। এতে ঝুঁকি বাড়ছে। ছোট-বড় শহরেও একই সমস্যা তৈরি হচ্ছে। এ জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণের ওপর জোর দেন। তিনি বলেন, নির্মাণসামগ্রী কোন জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, মানুষ সেসব জানেন না। মানুষ এখনো রাজমিস্ত্রির ওপর নির্ভর করেন।
আবাসন প্রতিষ্ঠান শেল্টেকের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সরকার যদি যৌথ উদ্যোগে ভবন তৈরির জন্য বেসরকারি আবাসন প্রতিষ্ঠানকে জমি দেয় এবং গবেষণা করে নির্মাণ খরচ কমানো যায়, তাহলে স্বল্প আয়ের মানুষকে ফ্ল্যাট দেওয়া যাবে।