ফ্ল্যাট বিক্রির নামে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ৫০ জন ক্রেতার কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সুমনা ল্যান্ডমার্ক অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, টাকা নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হচ্ছে না। একই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে একাধিক ব্যক্তির কাছে। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে কোম্পানির লোকজন আত্মগোপনে রয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট-ক্রেতারা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, সুমনা গ্রুপ অব কোম্পানিজের সিস্টার কনসার্ন সুমনা ল্যান্ডমার্ক অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের সাতটি আবাসন প্রকল্পের অধীনে ফ্ল্যাট কেনেন ৫০ জন ক্রেতা। তাঁরা নিয়ম অনুযায়ী সব অর্থ পরিশোধ করেন। কিন্তু কোনো প্রকল্পের আংশিক, আবার কোনো প্রকল্পের কাজ একেবারেই না করে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করতে থাকে। এ অবস্থা দেখে ক্রেতারা খোঁজখবর নিতে গেলে তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগে বলা হয়, সুমনা ল্যান্ডমার্ক অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের অধীনে উত্তরায় ‘সুমনা স্বপ্ননীড়ে’ ১৬ জন, ‘সুমনা অ্যাফেকশনে’ পাঁচজন, ‘সুমনা রোজ ভিলায়’ নয়জন, পশ্চিম ধানমন্ডিতে ‘সুমনা রেডিসনে’ ১১ জন, মোহাম্মদপুরের কাটাসুরে ‘সুমনা সান ক্লাউডে’ পাঁচজন, আদাবরে ‘সুমনা অর্কিড ডেলে’ তিনজন এবং ‘সুমনা আলপনা ক্যাসেলে’ দুজন ফ্ল্যাট-ক্রেতা টাকা পরিশোধ করেও ফ্ল্যাট বুঝে পাননি। তাঁরা প্রায় ১৫ কোটি টাকা পরিশোধ করেছেন।অভিযোগে আরও বলা হয়, সুমনা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় তাঁর ছেলে রুবাইয়াত ইসলামসহ অন্যরা এই প্রতারণার সঙ্গে জড়িত। ফ্ল্যাট বুঝে না পেয়ে ক্রেতারা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে ছেলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে ফ্ল্যাট-ক্রেতা শাহীন আকতার লিখিত বক্তব্য তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শামসুল হক চৌধুরী, রেজাউল কবির, রুমা আকতার, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।