বঁটির কোপে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর দুয়ারীপাড়ায় গতকাল বুধবার সকালে স্বামীর বঁটির কোপে সবিতা আক্তার (২৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর স্বামী পোশাকশ্রমিক হারুনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও সবিতার পারিবারিক সূত্র জানায়, সবিতা তাঁর স্বামী হারুন অর রশীদ ও দুই সন্তান নিয়ে মঙ্গলবার রাতে খালা রাশিদা বেগমের পল্লবীর দুয়ারীপাড়ার ২ নম্বর সড়কের খ ব্লকের ৩১ নম্বরের ভাড়া বাসায় যান। গতকাল বেলা ১১টার দিকে হারুন ও সবিতার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুন বঁটি দিয়ে সবিতার তলপেট ও হাতে কোপ দেন। সবিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল ক্যাম্পের পুলিশ হারুনকে আটক করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই মোজাম্মেল হক জানান।