বংশাল ও গেন্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশাল ও গেন্ডারিয়ায় গতকাল রোববার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রিকশাচালক নূর ইসলাম (৪০) ও এক অজ্ঞাতনামা যুবক (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে সদরঘাট-কুড়িল রুটের একটি বাস সুরিটোলা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে রিকশাচালক নূর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের প্রথম আলোকে বলেন, সদরঘাট-কুড়িল রুটের একটি বাস লঞ্চের যাত্রী ধরার জন্য বেপরোয়া গতিতে যাওয়ার সময় কয়েকটি রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলের কিছু দূরে তিনি টহল দিচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে রিকশাচালক নূর ইসলামকে মৃত অবস্থায় দেখেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, নিহত নূর ইসলাম রাজধানীর অদূরে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার রমজান মেম্বরের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানার বড়ইকান্দি গ্রামে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে বাহাদুর শাহ পরিবহনের একটি হিউম্যান হলার অজ্ঞাত এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।