বংশালে গৃহপরিচারিকার লাশ উদ্ধার
পুরান ঢাকার বংশাল থানার আগা সাদেক রোডের একটি বাসা থেকে গত সোমবার রাতে হালিমা আক্তার (১৬) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশ ৩/৪ আগা সাদেক রোডের বাড়ি থেকে লাশটি সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, হালিমার গ্রামের বাড়ি এবং গৃহকর্তা মোস্তাক আহমেদের গ্রামের বাড়ি একই এলাকায়। গত রমজান মাসে হালিমা এই বাসায় কাজ নেয়। গৃহকর্তা একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানে এবং স্ত্রী পারভীন জাহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের ১৪ মাস বয়সী বাচ্চার দেখাশোনার জন্য হালিমাকে কাজ দেওয়া হয়। শহিদুল্লাহ আরও জানান, প্রতিদিনের মতো গত সোমবার স্বামী-স্ত্রী দুজনে বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গৃহকর্তা বাসায় ফিরে দেখেন, কলাপসিবল ফটকে তালা ঝোলানো এবং ভেতরে শিশুটির কান্নার আওয়াজ পান। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর আলামত দেখে ধারণা করা হচ্ছে, হালিমা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। হালিমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুহীল তেলিপাড়া গ্রামে।