বংশালে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গতকাল শনিবার দেয়ালে চাপা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আলমগীর হোসেন (৫৫) ও মো. সোহেল (১৮) নামের আরও দুজন আহত হন। বেলা সোয়া দুইটার দিকে বংশালের ৩০ নম্বর আবুল হাসনাত সড়কে এ ঘটনা ঘটে।
রেজাউদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দেয়ালচাপা পড়া তিনজনই নির্মাণশ্রমিক হিসেবে ওই বাড়িতে কাজ করছিলেন। একটি ড্রেন তৈরির জন্য পুরোনো দেয়ালটি ভাঙার কাজ চলছিল। দুপুরের দিকে হঠাৎ করে পুরোনো দেয়ালটি ধসে পড়ার শব্দ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে দেয়ালচাপা পড়া তিন শ্রমিককে দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলের দিকে রফিকুল মারা যান।