বংশালে মামাকে পিটিয়ে হত্যা করে ভাগ্নেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় হাফিজ মিয়া (৬০) নামের এক লন্ড্রি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তাঁর ভাগ্নেরা। গত মঙ্গলবার রাতে বংশালের আগামসি লেনে এ ঘটনা ঘটে। সম্পত্তিগত বিবাদের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বংশালের ৪/১ আগামসি লেনে হাফিজ মিয়ার বাড়ি। দোতলা বাড়িটির নিচতলায় তাঁর লন্ড্রির দোকান। মঙ্গলবার বিকেলে হাফিজ মিয়ার তিন ভাগ্নে ওই দোকান থেকে তাঁর ছেলে পারভেজকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে বেধড়ক পেটায়। চিত্কার শুনে হাফিজ মিয়া ও তাঁর স্ত্রী শহর বানু ছেলেকে বাঁচাতে গেলে তাঁদেরও পেটানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে হাফিজ মিয়ার অবস্থার অবনতি হলে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে তিনটায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত হাফিজের নিকটাত্মীয় সাবু চৌধুরী প্রথম আলোকে বলেন, হাফিজ মিয়ার ওপর হামলা করেছে তাঁর ভাগ্নে আলমগীর, শাহজাহান ও জাহাঙ্গীর। তারাও একই এলাকায় থাকে।তিনি জানান, ভাগ্নেরা কিছুদিন ধরে হাফিজ মিয়ার কাছে আগামসি লেনের বাড়িতে তাদের মায়ের অংশ দাবি করে আসছে। হাফিজ মিয়া আশ্বাস দিয়েছিলেন, ভাগ-বাটোয়ারা হওয়ার পর ভাগ্নেদের পাওনা অংশ বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তাতে ভাগ্নেরা সন্তুষ্ট হতে পারেনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে নিহতের আত্মীয়রা জানায়।যোগাযোগ করা হলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, হামলার পর গত সোমবার রাতে হাফিজ মিয়ার স্ত্রী শহর বানু বাদী হয়ে ভাগ্নে আলমগীর, শাহজাহান ও জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন। ওসি জানান, আসামিরা সবাই পলাতক রয়েছে।