বংশালে সন্ত্রাসীদের হাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব আমান মাসুম (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্থানীয় বাসিন্দা সোনিয়া খানম, তাঁর মা মরিয়ম বেগম ও মিরাজ নামে তিনজনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে বংশাল থানার পুলিশ ১৬৪/১, বংশাল রোডের গলি থেকে মাসুমের লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বেলা ১১টার দিকে লাশটি মাসুমের বলে তাঁর স্বজনেরা শনাক্ত করেন।নিহত মাসুমের মা দুলারী বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, গতকাল খুব ভোরে কে বা কারা তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। দুলারী বেগম বলেন, একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য কয়েক দিন আগে বাসায় একজন পুলিশ আসে। তবে কী মামলায় সাক্ষ্য দেওয়ার কথা তা তিনি জানেন না। সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের সামনে দুলারী বেগম ছেলের জন্য বিলাপ করতে করতে সংজ্ঞা হারিয়ে ফেলেন।মাসুমের ছোট ভাই আরমান আলী জানান, তিনি একটি সুপেয় পানি বিপণন কোম্পানির পরিবেশক। মাসুম তাঁর সঙ্গে ব্যবসা দেখাশোনার পাশাপাশি বাসার নিচে মোবাইল ফোনসেট মেরামতের কাজ করতেন। প্রায় দুই সপ্তাহ আগে ফরিদ নামে এক স্থানীয় যুবকের সঙ্গে মাসুমের কথাকাটাকাটি হয়। পুলিশ জানায়, নিহত মাসুমের বাঁ হাতের কবজির রগ কাটা ছিল। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গলায় একটি ব্রা জড়ানো ছিল।গতকাল মর্গের সামনে উপস্থিত বংশাল থানার কর্মকর্তা গোলাম রব্বানী নিহত মাসুমের মুঠোফোনে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে ইব্রাহিম নামে এক যুবক ফোন ধরেন। বাসার ঠিকানা জানতে চাইলে প্রথমে কাফরুল ও পরে চাঁদপুর বলে জানান। মুঠোফোনটি কার জানতে চাইলে ফোনটি তাঁর ভাই আবদুর রহিমের বলে জানান। চাঁদপুরের ঠিকানা জানতে চাইলে অপর প্রান্ত থেকে ফোনটি কেটে দেওয়া হয়।মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার সালাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যেখানে মাসুমের লাশ পাওয়া গেছে, এর পাশের ঘরের বাসিন্দা আবদুর রহিমের মেয়ে সোনিয়া খানম, স্ত্রী মরিয়ম বেগম ও মিরাজ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।