বংশালের জলাবদ্ধতা নিয়ে উৎকণ্ঠা থেকেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাই ২০১৭: বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল পুরান ঢাকার বংশাল এলাকার প্রধান সড়ক। সৃষ্টি হয়েছিল যানজটের।  ফাইল ছবি
জুলাই ২০১৭: বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল পুরান ঢাকার বংশাল এলাকার প্রধান সড়ক। সৃষ্টি হয়েছিল যানজটের। ফাইল ছবি

জলাবদ্ধতা হ্রাসের জন্য গত বছরই শেষ হয়েছে পুরান ঢাকার বংশাল রোডের নিষ্কাশন নালা (ড্রেন) পুনঃসংস্কারের কাজ। পুরোনো পাইপ বদলে বসানো হয়েছে নতুন পাইপ। এ বছর নতুন করে আর কোনো কাজ হয়নি। তবে গত বছরের সংস্কারকাজ করা হয়েছিল শুধু মূল সড়কের লাইনে। অলিগলির অবস্থা আগের মতোই রয়ে গেছে। এমনকি গলির কোনো কোনো অংশে পানি চলাচলের কোনো পথই নেই। ফলে বৃষ্টি হলে এই এলাকায় এ বছরও স্থানীয় ব্যক্তিরা জলাবদ্ধতার আশঙ্কা করছেন। উল্টো আংশিক কাজ করায় ভোগান্তি কমবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সংস্কার হলেও ড্রেন ও পাইপলাইনের গভীরতা থেকে গেছে আগের মতোই। নিচু এলাকা হওয়ায় বৃষ্টিতে বংশালে যে পরিমাণ পানি জমে, তা সরাতে এই ড্রেন শেষ পর্যন্ত কাজে আসবে না।

গত বছর কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বংশাল রোডসহ আশপাশের এলাকায়। পানির উচ্চতা ছিল হাঁটুর ওপর পর্যন্ত। এলাকার দোকানপাটসহ পানি ঢোকে বাসাবাড়িতে। যেটি সরতে সময় লাগে দু-এক দিন। এ ছাড়া সড়ক ও গলিপথে গর্ত থাকায় বাসায় পানিবন্দী থাকার পাশাপাশি বাইরে বের হয়েও ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের।

এবারের বর্ষা মৌসুম উপলক্ষে এই এলাকার জলাবদ্ধতা হ্রাসে সিটি করপোরেশনের প্রস্তুতির খোঁজ নিতে গিয়ে জানা যায়, গত বর্ষায় ‘ফাইভ জোন’ প্রকল্পের আওতায় এই এলাকায় নিষ্কাশন নালা পুনঃসংস্কার কাজের শুরু হয়। শেষ হয় ওই বছরের আগস্ট মাস নাগাদ। প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সংস্কারকাজ করা হয় শুধু বংশাল এলাকার আবুল হাসনাত রোড, বংশাল রোডে। যেটিকে যুক্ত করা হয় নর্থ সাউথ রোডে ওয়াসার বক্স কালভার্টের সঙ্গে। সেখান থেকে পানি ধোলাইখাল হয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়বে। ডিএসসিসির অঞ্চল-৪ জানায়, ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বংশালসহ আশপাশের আরও তিনটি ওয়ার্ডের নালা পুনঃসংস্কারের জন্য ব্যয় করা হয় প্রায় পাঁচ কোটি টাকা।

বংশালের হাজী আব্দুল্লাহ সরকার লেনের পাশে কোনো নালা নেই। এতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।  ছবি: প্রথম আলো
বংশালের হাজী আব্দুল্লাহ সরকার লেনের পাশে কোনো নালা নেই। এতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। ছবি: প্রথম আলো

সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর বংশালে সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার হয়েছিল হাজী আব্দুল্লাহ সরকার লেন। এ বছরও এপ্রিল মাসের বৃষ্টিতে কয়েক ঘণ্টার জন্য জলাবদ্ধতা সৃষ্টি হয় এই এলাকায়। অথচ এ এলাকায় জলাবদ্ধতা হ্রাসে কোনো কাজই করা হয়নি। বাসিন্দাদের দাবি, বংশালের এটিই সবচেয়ে নিচু এলাকা। ফলে অল্প বৃষ্টি হলেও আশপাশের সব এলাকার পানি গড়িয়ে এই লেনে এসে জমা হয়। তাতে ডুবে যায় রাস্তাঘাট। কয়েক বছর ধরে এই সমস্যার সৃষ্টি হলেও তা সমাধানে কোনো কাজ করেনি সিটি করপোরেশন।

মাকসুদা খাতুন নামের এক বাসিন্দা বলেন, এই মাসে কয়েক দিন রাতে যে বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টিতেই গলিতে পানি জমে বাসার দরজা ছুঁইছুঁই হয়েছে। আর যখন বেশি বৃষ্টি হয়, তখন পানি ঘরের ভেতর ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

বংশালের এই লেনে আছে ওয়াসার একটি পানির কল। লেনের যেসব বাসিন্দাদের বাসায় বিশুদ্ধ খাবার পানির সংযোগ নেই, তাঁরা এখান থেকে পানি সংগ্রহ করেন। কলের পাশের দোকানি ফরিদ হোসেন বলেন, হাঁটু পর্যন্ত পানি হলে এই কলের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তখন খাবার পানির সংকটে পড়তে হয় অনেক বাসিন্দাকে।

মোহাম্মদ আলমগীর হোসেন নামের এক বাসিন্দা বলেন, পুরান ঢাকার অন্যান্য এলাকা থেকে বংশাল প্রায় তিন–চার ফুট নিচু। চার-পাঁচ বছর আগেও এই অবস্থা ছিল না। আশপাশের অন্যান্য এলাকায় রাস্তাঘাট মেরামত করায় সেগুলো উঁচু হয়ে গেছে। বংশাল আগের মতোই রয়ে গেছে। গলিগুলোতে নেই পানি চলাচলের পথ। ফলে উঁচু এলাকার পানি এসে এখানে জমা হয়। সরতেও এক দিনের মতো সময় লাগে।

এই এলাকায় সংস্কারকাজ বাস্তবায়ন করা অঞ্চল-৪-এর প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সংস্কার কতটুকু কাজে দেবে, সেটি নির্ভর করছে ওয়াসার বক্স কালভার্টের ওপর। এ ছাড়া পুরান ঢাকার বসতিগুলো যেভাবে গড়ে উঠেছে, তাতে চাইলেও এ এলাকার আমূল পরিবর্তন সম্ভব নয়।

তবে অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, এই এলাকায় জলাবদ্ধতা নিষ্কাশন লাইনের সমস্যার জন্য হয় না, পানি নিষ্কাশনের লাইনের ধারণক্ষমতার চেয়ে যখন বেশি পানি জমা হয়, তখনই জলাবদ্ধতা তৈরি হয়। এ ছাড়া বৃষ্টির পানি সরানোর জন্য ওয়াসার যে লাইনগুলো আছে, সেগুলোও পাকিস্তানি আমলে করা। এগুলোও সংস্কার দরকার।

বক্স কালভার্ট ও পানির লাইনের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার এক কর্মকর্তা বলেন, ওই এলাকায় ওয়াসার যে লাইনগুলো আছে, সেগুলো পরিষ্কারের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হবে।