বইমেলা থেকে আটক ১১ মাদ্রাসাছাত্র মুক্ত
অমর একুশে গ্রন্থমেলা থেকে মাদ্রাসাপড়ুয়া যে ১১ ছাত্রকে পুলিশ তুলে নিয়েছিল, গতকাল শনিবার তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটক ছাত্রদের একজন লালবাগ মাদ্রাসার ছাত্র আশরাফ মেহেদির বাবা মাওলানা জসিমউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘যাইফ মাসরুর নামে মাদ্রাসার একজন ছাত্রের একটি বই বেরিয়েছে। ওরা ফেসবুকে একে অন্যের সঙ্গে পরিচিত। ওই দিন সবাই ছিল এক স্টলে। কোনো ইশারা ছিল। একসঙ্গে ১১ জনকে তুলে নিয়েছিল পুলিশ। কিছু না পেয়ে ছেড়ে দিয়েছে।’
পুলিশ যে ১১ জনকে তুলে নেয় তাঁদের আটজন হলেন যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকারনাইন, ইফতেখার জামিল, মাহমুদ ও আশরাফ মাহদী। অন্য তিনজনের নাম পাওয়া যায়নি।
আটক এক ছাত্রের স্বজন বলেন, প্রথমে মাদ্রাসার ওই ছাত্রদের বইমেলা প্রাঙ্গণে অবস্থিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে নিয়ে যাওয়া হয়। খোঁজ করলে প্রথমে তাঁদের জানানো হয়, তাঁদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে, পরে শাহবাগ থানায় যোগাযোগ করতে বলা হয়। শনিবার সকালে পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা ফোন করে ছেলেকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন।
কেন ছেলেকে তুলে নিয়েছিল জানতে চাইলে ওই ছাত্রের বাবা বলেন, ‘ছেলের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। তাকে ফিরিয়ে দেওয়ার সময় অনুরোধ করেছে যেন পুলিশকে ভুল না বুঝি। এতেই স্বস্তি পেয়েছি।’
ওই ছাত্রদের ডিবি পুলিশ ধরেছিল কি না এবং কেন ধরেছিল—এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘ধরা হয়েছিল, মুক্ত করে দেওয়া হয়েছে।’