বইমেলায় বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় পছন্দের বই কিনতে স্টলে ভিড় করেছেন পাঠকেরা।
ছবি: প্রথম আলো

বইমেলায় এখন বিদায়ের সুর। সাপ্তাহিক ছুটির দিনের পরে গতকাল রোববার একেবারেই নিরিবিলি ছিল পরিবেশ। বিক্রিও হয়েছে বেশ কম। প্রান্তবর্তী অনেক স্টলের সারিতে ক্রেতাদের উপস্থিতি প্রায় ছিলই না। আর চার দিন রয়েছে মেলার। অধিকাংশ প্রকাশকই তাঁদের নতুন বই মেলায় নিয়ে এসেছেন। শনিবার পর্যন্ত এবার মেলার তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে, নতুন বই এসেছে ২ হাজার ৮৫৯টি। প্রকাশক থেকে লেখক, পাঠক সবারই মোটের ওপর একই কথা, বই যত প্রকাশ হচ্ছে মান ততটা উন্নত হচ্ছে না।

প্রতিবছরের মতো এবারও এখন পর্যন্ত কবিতার বই প্রকাশ হয়েছে সবচেয়ে বেশি—৯০৪টি। আর উপন্যাস এসেছে ৪২৩টি, ছোটগল্পের বই ৩৯২টি, প্রবন্ধ ১৫৬টি। বিজ্ঞানের বই মাত্র ৪৪টি। এ বছর মেলার থিম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সে কারণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু বই এসেছে। বঙ্গবন্ধুবিষয়ক বই ৭৩টি ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশনা ৮৬টি।

প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেল ইদানীং রহস্য, রোমাঞ্চ, অভিযান এই ঘরানার উপন্যাসের একটি চল তৈরি হয়েছে। নতুন লেখকেরা গতানুগতিক ধারার প্রেমের বা সামাজিক উপন্যাস রচনা থেকে মন দিয়েছেন রহস্য–রোমাঞ্চের জগতে। নতুন লেখকদের একটি পরিচিত গণ্ডিও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাঠকশ্রেণি আছে। তাঁরাই এই নবীনদের বই কিনছেন। তাঁদের মধ্যে কিছু মৌসুমি লেখক আছেন, প্রকাশকও আছেন। অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলছিলেন, এসব অপেশাদার প্রকাশকের কারণে পেশাদার প্রকাশকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকই মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। নীলক্ষেতের ফুটপাতে পাওয়া যায় এমন অনেক বই শুধু প্রকাশকের ঠিকানার পাতা বদলে বিক্রি হচ্ছে অনেক স্টলে। স্টল বরাদ্দের সময় এই অপেশাদার প্রকাশকদের বিষয়টি বিবেচনায় রাখা দরকার।

মেলায় গতকাল সন্ধ্যায় কথাপ্রকাশের স্টলে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছিলেন কথাশিল্পী মাসরুর আরেফিন তাঁর নতুন উপন্যাস আড়িয়াল খাঁর ক্রেতাদের। বইটি ভালো চলছে। তিনি বললেন, গুরুত্বপূর্ণ বই যেগুলো প্রকাশিত হয় সেগুলোর কিন্তু ছাপা, সম্পাদনা বা সংশোধনের মান ভালো। আমাদের এখানে যেহেতু এখনো প্রকাশনাশিল্প সেভাবে দাঁড়ায়নি। তাই নিজের বইটি নির্ভুল করে ভালোভাবে ছাপানোর জন্য শুধু প্রকাশকের ওপর দায়িত্ব দিয়ে রাখলে চলবে না, লেখকদের নিজেদেরও এ বিষয়ে যত্ন নিতে হবে।

গতকাল লেখক বলছি মঞ্চে নিজের লেখালেখি নিয়ে কথা বলতে এসেছিলেন আনোয়ারা সৈয়দ হক। সন্ধ্যায় মেলামাঠে তিনি বললেন, মেলায় একটি লেখক-পাঠকদের কথোপকথনের জায়গা থাকা দরকার ছিল। তাহলে সেখানে তাঁরা সামনাসামনি বসে খোলামেলা আলোচনা করতে পারতেন। আর লেখক বলছি মঞ্চটাও করা হয়েছে একেবারে শেষ প্রান্তে, সেখানে লোকজন বিশেষ যাচ্ছে না। তা ছাড়া আমার মতো বয়স্ক লোকের পক্ষে সেখানে হেঁটে যেতে খুব কষ্ট। এবার মেলায় তাঁর প্রথমা থেকে ল্যু সালোমে এবং নিৎসে, রিলকে ও ফ্রয়েড, পাঠক সমাবেশ থেকে বাবাকে নিয়ে স্মৃতিচারণা আমার বাবা আমার যিশুসহ বেশ কয়েকটি বই এসেছে। তা ছাড়া সৈয়দ শামসুল হকের ৩৫ খণ্ডের রচনাসমগ্র নিয়ে অনেক দিন ধরে ব্যস্ত ছিলেন তিনি। এটি প্রকাশ করেছে ঐতিহ্য।

নতুন বই

গতকাল মেলায় তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ৬৮টি। প্রথমায় বেশি চলছে গোলাম মুরশিদের বাংলা গানের ইতিহাস, সৈয়দ শামসুল হকের উপন্যাস পতন, মুনির হাসানের গণিতের বই প্রাথমিক গণিতের ভিত্তি। অন্য নতুন বইয়ের মধ্যে অ্যাডর্ন এনেছে মোরশেদ শফিউল হাসানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একাত্তর–এর ইংরেজি অনুবাদ সেভেনটি ওয়ান। এটি অনুবাদ করেছেন নিবেদিতা হালদার। ইউপিএল এনেছে শাহাদুজ্জামানের মহামরি মহাকাল, মাওলা ব্রাদার্স এনেছে মশিউল আলমের উপন্যাস পাকিস্তান, এটি ইংরেজিতে অনুবাদ করেছেন ভি রামস্বামী এবং লায়লা ফারজানার কবিতা ঝরা পাতার র‍্যাপসোডি।

চতুর্থ শিল্পবিপ্লব

আমাদের অজান্তেই আমরা এমন যুগে প্রবেশ করেছি আর তা এমন নীরবে যে বুঝতেই পারিনি যুগান্তরের এই তাৎপর্যকে। এমন অভূতপূর্ব রূপান্তর মানবজাতি ইতিপূর্বে আর কখনো প্রত্যক্ষ করেনি। শুধু অর্থনীতিই নয়; জগৎ ও জীবনের সবকিছু—মানুষের চিন্তাভাবনা, দর্শন, রাজনীতি শিল্প-সংস্কৃতি সবকিছুর ওপরই এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে। আবিষ্কৃত হয়েছে এমন বিস্ময়কর সব জিনিস, যা আগে হয়তো মানুষের কল্পনাতেও আসেনি। তৈরি হয়ে গেছে ন্যানোপদার্থ, যা লোহা থেকে ২০০ গুণ শক্ত অথচ মাপে মানুষের চুলের ১০ লাখ ভাগের ১ ভাগ মাত্র। শিল্পবিপ্লবের এই গতি থামবে না।

চতুর্থ শিল্পবিপ্লব বইটির লেখক অধ্যাপক ক্লাউস শোয়্যাব বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সভাপতি। বইটিতে তিনি এই নবপ্রযুক্তি বিপ্লব সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, জনগণের ওপরে যে ইতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা করেছেন। অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের অনুবাদে বইটি প্রথমা প্রকাশন এনেছে বইমেলায়।