বইমেলায় ভাঙনের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনার আগে বই দেখছেন এক পাঠক। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে।
প্রথম আলো

এ বছর অমর একুশে বইমেলা হলো দুই ঋতু নিয়ে। শুরুর দিকে সবাইকে আসতে হয়েছে শীতের পোশাকে। মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে গরম। চৈতন্য প্রকাশনীর বিক্রয়কর্মী রুপা বলছিলেন, বইপ্রেমীরা চাইলে বিকেলের দিকে আসতে পারেন, তবে আমাদের উপস্থিত হতে হয় সূর্য যখন মাথার ওপরে। এই গরম নিয়েও মেলা আরও দীর্ঘ হলে খুশি হতেন বলে জানালেন ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মীরা। স্টলের দুজন প্রথম আলোকে বললেন, ‘মেলা চললে ওই সময়ের জন্য টাকা পেতাম।’

আজ শেষ হচ্ছে বইমেলা। মেলার তথ্যকেন্দ্রে উপস্থিত বাংলা একাডেমির একজন কর্মকর্তা বললেন, প্রতিদিন মেলায় আসা মানুষের হিসাব রাখতে পারলে তা কয়েক লাখ হতো। নরসিংদী থেকে প্রায় প্রতিদিন ট্রেনে করে মেলায় এসেছেন লেখক জান্নাতুন নুর। প্রথম আলোকে বললেন, ‘প্রতিদিন ভাবি কাল যাব না। কিন্তু সকাল থেকে শুরু হয় মেলার টান। মেলা শেষ, ভাবলেই মন খারাপ হচ্ছে।’

তবে মেলায় আসা বইয়ের বড় অংশটির মান নিয়ে আপত্তি আছে লেখক পাপড়ি রহমানের। জানালেন, বই দেখার চেয়ে সেলফিতে মানুষের উৎসাহ বেশি আর পুশ সেলের জন্য মরিয়া অনেক লেখক।

এবারের বইমেলায় বসার জায়গার ব্যবস্থা ছিল বলে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ। ফরিদপুর থেকে মেলার শেষ সময়ে উপস্থিত হয়েছেন এক

লেখক। পল্লিকবি জসীমউদ্‌দীনকে নিয়ে তাঁর সম্পাদনায় এসেছে জসীমউদ্‌দীন ও তাঁর কবিতা। স্টলে গিয়ে শুনলেন সব বই শেষ। নিজের বইটি দেখতে না পারলেও বই বিক্রি হয়েছে জেনে খুশি হয়েছেন তিনি।

গতকাল মেলায় ভিড় ছিল মোটামুটি। তবে প্রথম দুই সপ্তাহে প্রতিদিন যেমন বিক্রি হয়েছে, সে তুলনায় পরের দুই সপ্তাহে বিক্রি কম হয়েছে, বললেন প্রকাশকেরা। সব মিলে এক মাসের আয়োজনে মন খারাপ আর মন ভালোর অনেক গল্প। শেষ পাতে দইয়ের মতো যাঁরা বই কিনেছেন, তাঁরা আরও কিছু কিনে মেলা ছাড়ছেন। যাঁরা বই কেনার জন্য মেলায় আসেন না, তাঁরা শেষ

পর্যন্তও শুধু দেখে ঘুরে গল্প করে বাড়ি ফিরেছেন। বইমেলায় আসা মানুষ বললেন, তাঁরা শুনছেন মেলা ভাঙার সুর।

নতুন বই

নতুন বইয়ের মধ্যে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে হেকিম হাবিবুর রহমানের ইতিহাস গ্রন্থ ঢাকা পঞ্চাশ বছর আগে, কথাপ্রকাশ থেকে এসেছে মাহবুব আজীজের নামচিহ্নহীন, সমগ্র প্রকাশনী এনেছে শরীফ মাহবুবুল আলমের ইয়েতি রহস্য, পেন্সিল পাবলিকেশন্স এনেছে আশীষ ভট্টাচার্যের লেখা শিশুতোষ গল্প সংকলন বিটু মামার এক বাক্স গল্প।

মেলার অন্য আয়োজন

বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শহীদজননী জাহানারা ইমাম: আমৃত্যু সংগ্রামী এক মহাপ্রাণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। লেখক বলছি মঞ্চে নিজেদের বই নিয়ে আলোচনা করেন সাহিত্যিক মিনার মনসুর ও সাইফুল্লাহ মাহমুদ দুলাল। গতকাল বিকেলে ঘোষণা হলো গুণীজন স্মৃতি পুরস্কার ২০২২। গত বছর প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২ পেয়েছে আগামী প্রকাশনী। সেরা গ্রন্থ বিভাগে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেল বেঙ্গল পাবলিকেশনস, জার্নিম্যান বুকস আর প্রথমা প্রকাশন। নবাব সলিমুল্লাহ ও তাঁর সময় বইয়ের জন্য এ পুরস্কার পেল প্রথমা।