ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের কাছ থেকে ঈদের বকশিশ ও অতিরিক্ত ভাড়ার নামে ১০ হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।এ সংগঠনের পর্যবেক্ষক দলের সদস্যরা জানিয়েছেন, ঈদ মৌসুমে গন্তব্যভেদে যাত্রীদের কাছ থেকে প্রতি টিকিটে ১০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান, পর্যবেক্ষক দলের সদস্য মাহামুদুল হাসান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়েছে, দেশের তিনটি বিভাগে (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা) জরিপ চালিয়ে এবং যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিবহনসেবী প্রতিষ্ঠানে যোগাযোগ করে জানা গেছে যে এবারের ঈদে ঢাকা থেকে পৌনে এক কোটি, চট্টগ্রাম থেকে প্রায় ৩০ লাখ, দেশের এক জেলা থেকে অন্য জেলায় চার কোটি এবং ঈদ বাজারসহ বিভিন্ন কাজে প্রায় ১৩ কোটির বেশি যাত্রী নানা পরিবহন ব্যবহার করবে।সংগঠনের পক্ষ থেকে এ ধরনের নৈরাজ্য বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।