বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) বরকতউল্লাহর ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল রোববার সকালে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকালও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তাঁরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগী ও মুমূর্ষু রোগীদের সেবা পেতে সমস্যা হয়নি। জরুরি বিভাগের চিকিৎসক ও সেবিকারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। হাসপাতালের পরিচালক এ কে এম মোস্তফা হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, ডা. বরকতউল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়টি নিশ্চিত করা হবে।’হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গুলশান থানার পুলিশ হাসপাতালে এসে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে। গতকাল শনিবার বরকতউল্লাহর ওপর হামলার প্রতিবাদে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে চিকিৎসকদের দুই দিন দুই ঘণ্টা করে কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন সমন্বয় পরিষদ ও সংগ্রাম পরিষদ। ২ এপ্রিল রাতে মহাখালীর ওয়্যারলেস গেটে বরকতউল্লাহর চেম্বারে ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।