বখাটেদের বিচারের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত করে দ্রুত আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। তরুণীদের উত্ত্যক্ত করা (ইভ টিজিং), যৌন হয়রানি ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানুসহ অন্যান্য প্রতিনিধি এবং পরিষদের প্রায় ৫০টি জেলা শাখার প্রতিনিধিরা অংশ নেন।বর্তমানে দেশব্যাপী ইভ টিজিং, নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় মহিলা পরিষদের পক্ষ থেকে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি তরুণীদের নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে তরুণসমাজ। সরকার-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইভ টিজিং প্রতিরোধে কাজ করছে। কিন্তু বখাটেদের উৎপাত থেকে নারীদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। বিজ্ঞপ্তি।