বখাটেদের সামাজিকভাবে প্রতিরোধ ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। হয়রানির শিকার মেয়েদের আত্মহত্যাকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছে সংগঠনগুলো। এসব দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ব্র্যাক: কিশোরী উত্ত্যক্তকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ব্র্যাক। গতকাল মঙ্গলবার ব্র্যাকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বখাটেদের হয়রানির শিকার কিশোরীদের আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে মনে করে ব্র্যাক। কেননা বখাটেদের কারণেই মেয়েরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।বিবৃতিতে বলা হয়, বখাটে উত্ত্যক্তকারীরা অত্যন্ত ঘৃণ্য অপরাধী। কঠোরভাবে এদের দমন করা না হলে সামাজিক এই অপরাধ কমানো সম্ভব হবে না। বিবৃতিতে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।ছাত্র ইউনিয়ন: গতকাল মাদারটেক আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ে মানববন্ধন ও ছাত্র সমাবেশে বখাটেদের সামাজিকভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ।মানববন্ধনে বক্তারা বলেন, বখাটেদের হয়রানির কারণে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে তাদের সামাজিকভাবে প্রতিরোধের বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে বখাটেদের উৎপাতে ইলোরা, সিমি, মাহিন, ফাহিমার আত্মহত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি সুচিত্রা সরকার, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, তানজিনা কাশফি, মুসতায়িন বিল্লাহ প্রমুখ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্ট: দেশের বিভিন্ন স্থানে ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত বখাটেদের শাস্তি দাবি করে মানববন্ধন ও পথসমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে পথসমাবেশে নেতারা বলেন, ছাত্রী উত্ত্যক্তকারীরা নিম্নরুচির মানুষ। তারাই আবার বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় পার পেয়ে যাচ্ছে। এ জন্য সবাইকে বখাটেদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইমরান হাবিব, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শরীফুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী মুফিজুল হায়দার এক ছাত্রীকে লাঞ্ছিত করেন। পরে ওই ছাত্রী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন মুফিজুল।অপরাজেয় বাংলাদেশ: স্কুলছাত্রী ইলোরার আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কারওয়ান বাজারে মানববন্ধন করেছে অপরাজেয় বাংলাদেশ। ইয়ুথ পার্টনারশিপ প্রকল্পের উদ্যোগে ইউসেপ-বাংলাদেশ, সুরভী, সীপ, পদক্ষেপ, পার্টনার-বাংলাদেশের প্রায় ৫০০ শিশু-কিশোর মানববন্ধনে অংশ নেয়। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে শিশুরা বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়।