বখাটেদের হামলায় মা-মেয়েসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় গত রোববার রাতে বখাটেদের হামলায় মা-মেয়ে ও দুই ছেলে আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নর্দা এলাকার এক স্কুলছাত্রী (১৪) রোববার রাত ১০টার দিকে তার মাকে নিয়ে ওষুধ কেনার জন্য একটি দোকানে যায়। ফেরার পথে স্থানীয় কামাল, জামাল, আরাফাতসহ প্রায় ছয়-সাতজন যুবক ওই স্কুলছাত্রীকে লক্ষ্য করে জ্বলন্ত সিগারেট ছুড়ে মারে। ছাত্রীর মা প্রতিবাদ করায় যুবকেরা মা ও মেয়েকে লাঠি দিয়ে মারধর করে। এতে ছাত্রীর মায়ের হাত ভেঙে যায়। খবর পেয়ে ছাত্রীর দুই ভাই এগিয়ে গেলে বখাটে যুবকেরা তাঁদেরও লাঠিপেটা করে। চারজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আহত ওই স্কুলছাত্রী গতকাল প্রথম আলোকে জানায়, সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রস্তুতি হিসেবে মডেল টেস্ট চলছে। গতকাল ছিল তার ইংরেজি মডেল টেস্ট। কিন্তু আহত হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। গত তিন-চার মাস ধরে ওই যুবকেরা তাকে উত্ত্যক্ত করে আসছে বলে সে জানায়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় জামাল (২০) নামের এক যুবক ও কামালের বাবা অহিদকে (৪৫) পুলিশ আটক করেছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যোগাযোগ করা হলে ওই স্কুলছাত্রীর ভাই প্রথম আলোকে জানান, চিকিৎসার জন্য তাঁরা ব্যস্ত ছিলেন। ব্যস্ততা শেষ হলেই থানায় মামলা করবেন।