বখাটের ছোড়া এসিডে ঝলসে গেল পোশাকশ্রমিকের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে গত মঙ্গলবার রাতে শিরীন আখতার (১৮) নামের এক পোশাকশ্রমিককে এসিড মেরে তাঁর ডান গাল, গলা ও ঠোঁট ঝলসে দিয়েছে এক বখাটে। শিরীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিরীন উত্তরখানের তাঁর আদর্শপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় উত্তরখান উচ্চবিদ্যালয়ের কাছে মো. মিন্টু নামে এক বখাটে তাঁর পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই বখাটে মিন্টু একটি বোতল থেকে তাঁকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এ সময় তিনি যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলে মিন্টু পালিয়ে যায়। এ ঘটনায় শিরীন বাদী হয়ে মিন্টুকে আসামি করে উত্তরখান থানায় এসিড দমন আইনে একটি মামলা করেছেন। হাসপাতালে শিরীন সাংবাদিকদের বলেন, এসিড হামলাকারী মিন্টু পরিবহন-শ্রমিক। পাঁচ মাস ধরে পোশাক কারখানায় যেতে-আসতে মিন্টু পথে তাঁকে প্রেমের প্রস্তাব দিত। তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় সে। এ কারণে মিন্টু তাঁর ওপর এসিড নিক্ষেপ করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এসিডে শিরীনের ডান গাল, গলা ও ঠোঁট ঝলসে গেছে। তাঁর অবস্থা গুরুতর।উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর মিন্টু পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।