বখাটের ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রী আহত
রাজধানীর হাজারীবাগে গতকাল রোববার দুপুরে বখাটের ধারালো অস্ত্রের আঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পিলখানা এলাকায় অবস্থিত ইউসেপ স্কুলের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী ছুটি শেষে গতকাল দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরছিল। হাজীরবাগের বোরহানপুরে বাসার কাছে বখাটে মামুন খোন্দকার তার পথরোধ করে তাকে উত্ত্যক্ত করে। এ সময় সে প্রতিবাদ করলে মামুন ক্ষুর দিয়ে তার ঘাড়ের ডান পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, ছয় মাস আগে মামুন প্রতিবেশীর এক বাসায় বেড়াতে আসে এবং তার মেয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে পথেঘাটে মামুন তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে মামুন তার মেয়েকে এসিডে পুড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘হাজারীবাগের মনেশ্বর রোডের রিকশাচালক মামুন (৩০) স্কুলে যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রেম নিবেদন করে আসছিল। মেয়েটি বাসায় গিয়ে এ কথা তার মা-বাবাকে জানায়। কয়েক দিন আগে মেয়েটির মামা মামুনকে মারধর করে। এর প্রতিশোধ নিতেই মামুন ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির ঘাড়ে আঘাত করে। এ ব্যাপারে মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।