বঙ্গবন্ধু এভিনিউতে বাটার বিক্রয়কেন্দ্রে আগুন
রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাটা জুতার বিক্রয়কেন্দ্রে গত শুক্রবার রাতে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। বাটার কর্মকর্তাদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা মনে করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে তিনতলা বিক্রয়কেন্দ্রের দোতলা থেকে হঠাৎ আগুন ও ধোঁয়া বের হতে থাকে। ধীরে ধীরে তা ভবনের নিচ ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা প্রায় সাড়ে তিন ঘণ্টা পানি ছিটিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বিক্রয়কেন্দ্রের কিছু অংশে আগুন ও ধোঁয়া থাকায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত তাঁদের কাজ করতে হয়। আগুন নেভানোর সময় ধোঁয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গতকাল দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, আশপাশে উৎসুক জনতার ভিড়। উদ্ধারকাজের জন্য ওই ভবনের আশপাশের সব দোকান বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা বলা যাচ্ছে না। তদন্ত করে ঘটনার সুনির্দিষ্ট কারণ ও আগুনের সূত্রপাতের স্থান সম্পর্কে জানা যাবে। মিজানুর রহমান বলেন, সব কটি তলায় প্লাস্টিক ও রাবারজাতীয় দ্রব্য রয়েছে। সাধারণত এগুলোতে আগুন লাগলে নেভানোর পরও ধোঁয়া বের হয়। মাঝেমধ্যে আবারও আগুন জ্বলে ওঠে। কিন্তু তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে দ্রব্যগুলো বের করতে সময় লেগেছে। তিনি অভিযোগ করেন, বিক্রয়কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিসকে এসব সরাতে সহায়তা করেননি। তাঁদের অসহযোগিতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি। বিক্রয়কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবনের প্রথম ও দ্বিতীয় তলা কেনাবেচায় এবং তৃতীয় তলাটি গুদামের কাজে ব্যবহূত হয়। রাতের বেলা সেখানে কেউ থাকেন না। গত শুক্রবার রাত দুইটার দিকে নিরাপত্তাকর্মীরা মুঠোফোনে তাঁদের আগুনের ঘটনা জানান। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার কেউ কেউ দেশের বাইরে ছিলেন। খবর পেয়ে তাঁরা দেশে এসেছেন। তাঁদের আসা পর্যন্ত অপেক্ষা করায় দেরি হয়েছে। তিনি দাবি করেন, ওই ভবনে থাকা প্রায় চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে।