বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ
প্রতিষ্ঠার ১৩ বছর পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ কথা জানায়।সমাবর্তনে পাঁচজন বিশিষ্ট চিকিৎসককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক কে এম নজরুল ইসলাম, অধ্যাপক গোলাম রসুল ও অধ্যাপক শেখ আলী আশরাফ। এ ছাড়া ২০১০ সালে অনুষ্ঠিত স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া চিকিৎসক তানিয়া বুলবুল পাচ্ছেন ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’। বিএসএমএমইউ-এর উপাচার্য প্রাণগোপাল দত্ত বলেন, সমাবর্তনে বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী। প্রথমে মাহাথির মোহাম্মদের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি অপারগতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বিএনপিপন্থী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ চিকিৎসকদের সব সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, বিএসএমএমইউ-এর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সচিব, আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধি ও দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। সমাবর্তন প্রচার উপকমিটির সভাপতি এম ইকবাল আর্সলান জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সমাবর্তনে এক হাজার ৯৮ জন শিক্ষক ও শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।