বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে বাসচাপায় মোহাম্মদ সেকান্দর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে সেকান্দর তালতলা নতুন সড়ক অতিক্রম করে সম্মেলন কেন্দ্রসংলগ্ন সড়কে আসছিলেন। এ সময় মিরপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে। সেকান্দরের বাড়ি লালমনিরহাটে বলে জানা গেছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক বাসটির কোথাও পরিবহনের নাম লেখা নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেকান্দর দেয়াল টপকে পশ্চিম পাশের সড়কে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান।কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ জানান, রাস্তা পারাপারের জন্য জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ। তা ছাড়া অনেক সময় গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল না মেনে বেপরোয়াভাবে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।