বঙ্গবন্ধু সহজপাঠ বইয়ের মোড়ক উন্মোচন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বই বের করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে বঙ্গবন্ধু সহজপাঠ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বইটি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, উপমহাদেশের রাজনীতি ছিল অভিজাতদের বৈঠকখানার ভেতর। বঙ্গবন্ধু সেখান থেকে তা সাধারণ মানুষের উঠানে নিয়ে এসেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তৃতা দেন বিশেষ অতিথি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সাংসদ শাহীন মনোয়ারা হক, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী। ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া: বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা ইন্টার-ন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে প্রকাশিত ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া শীর্ষক আরেকটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যম ও বাক্স্বাধীনতার ওপর গুরুতারোপ করে বলেন, ‘দেশ যখন জ্বলে, মানুষ যখন কাঁদে, মানুষের যখন সবকিছু কেড়ে নেওয়া হয়, তখন নোংরা রাজনীতির খেলা চলতে পারে না।’ ইউনিভার্সিটির উপাচার্য নূরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, জাতীয় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বইটির লেখক মো. আখতারুজ্জামান, সাংবাদিক শাহজাহান মিয়া, ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস কিউ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।