বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বঙ্গভবনের আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। আজ সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বঙ্গভবনে একাধিক অনুষ্ঠান রয়েছে। এসব অনুষ্ঠান সম্পন্ন করতে সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত আশপাশের জিরো পয়েন্ট থেকে টিকাটুলি পর্যন্ত কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু স্কোয়ার (গুলিস্তান আন্ডারপাস) ও রাজউক ক্রসিং (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এবং আলিকো ভবন থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকায় সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। একই দিন বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু স্কোয়ার (গুলিস্তান আন্ডারপাস) ও রাজউক ক্রসিং পর্যন্ত এবং বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে টিকাটুলি (সাবেক ইত্তেফাক ভবন) পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। একই সময় আলিকো ভবন থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত রাজউক ক্রসিং থেকে পার্ক রোড ও গুলিস্তান অভিমুখে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতিঝিল শাপলা চত্বর থেকে গুলিস্তানগামী গাড়িগুলোকে দৈনিক বাংলা ক্রসিং-পল্টন ক্রসিং (ইউবিএল ক্রসিং)-প্রেসক্লাব হয়ে কিংবা সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এদিকে আজ স্বাধীনতা দিবস উদ্যাপনে রাজ-ধানীজুড়ে পুলিশ ও র্যাব কঠোর নিরা-পত্তামূলক ব্যবস্থা নিয়েছে। এতে পুলিশের প্রায় সাড়ে আট হাজার এবং র্যাবের পোশাকধারী দেড় হাজার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে বলে ডিএমপি ও র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বঙ্গভবন অভিমুখের সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা লোকজনের ওপর গোয়েন্দা নজরদারি করবে পুলিশ ও র্যাব। এসব এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসিয়ে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করবে পুলিশ। আশপাশের এলাকায় মোটরসাইকেল ও পিকআপে টহল দেবে র্যাব। একই সঙ্গে র্যাবের ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ দল তৎপর থাকবে। প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত দল সোয়াটও।