বঙ্গবন্ধুর চিঠি, হেস্টিংসের চাকরির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রসমাবেশে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের তালিকা, ১৮৫৯ সালের ঢাকা শহরের মানচিত্র, স্থপতি লুই আই কানের শেরেবাংলা নগরের মহাপরিকল্পনা, ওয়ারেন হেস্টিংসের নিজের হাতে লেখা ১৭৪৯ সালের চাকরির দরখাস্ত কিংবা ১৭৫৭ সালের ২৩ জুনের পলাশী যুদ্ধের নীলনকশার ম্যাপ এখন চাইলেই দেখে আসতে পারেন আগ্রহীরা। সঙ্গে আছে বঙ্গবন্ধুর হাতে লেখা দুর্লভ কিছু চিঠিপত্র, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও নিদর্শন। আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় আর্কাইভস ভবনের প্রদর্শনী কক্ষে এসব দুর্লভ নিদর্শন নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পক্ষকালব্যাপী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ নামের এই প্রদর্শনী আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের পরিচালক তাইবুল হাসান খান। প্রদর্শনীতে আছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই। পাওয়া যাবে মুক্তিযুদ্ধের সময়কার কালান্তর, গণবাংলা, মর্নিং নিউজ, দৈনিক সমাজ, বাংলাদেশ আওয়ামী লীগের সাপ্তাহিক মুখপত্র জয়বাংলা, দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো। আরও আছে মুক্তিযুদ্ধের আলোকচিত্র, সংবাদপত্রে প্রকাশিত বঙ্গবন্ধুর চিঠি, ইতালিপ্রবাসী মেয়ে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর লেখা চিঠি, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে গঠিত সরকারের তালিকাসহ অনেক দুর্লভ নিদর্শন। প্রদর্শনীতে শিশুদের জন্য একটি পৃথক কর্নার করা হয়েছে। সেখানে আছে মুক্তিযুদ্ধবিষয়ক শিশুতোষ বই। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, বীরশ্রেষ্ঠদের ছবি ও পরিচিতি, বাংলার বিখ্যাত ব্যক্তিদের ছবি, বঙ্গবন্ধুর জীবনীসহ বিভিন্ন বিষয় রাখা আছে এখানে। এসব ছাড়া প্রদর্শনীতে আর্কাইভসের সংগ্রহ থেকে অতীতের বহু নিদর্শন উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে অষ্টাদশ শতাব্দীতে লেখা তালপাতার পাণ্ডুলিপি, বর্তমান বঙ্গভবনটি ১৯১২ থেকে ১৯১৫ সাল পর্যন্ত দেখতে কেমন ছিল সেই ছবি, ফারসি ভাষার সরকারি নথিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দলিল-দস্তাবেজ। এছাড়া আছে আঠারো শতকের তুলট কাগজে লেখা পুরোনো নথি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোহরাঙ্কিত একটি সরকারি নথি, ১৯২৫ সালে ‘বেঙ্গল’ থেকে ম্যালেরিয়া প্রতিরোধের আহ্বান জানিয়ে লেখা চিঠিসহ বিভিন্ন দলিল-দস্তাবেজ।প্রদর্শনী প্রসঙ্গে তাইবুল হাসান খান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা কী ছিল, নতুন প্রজন্মকে তা জানানো এবং ২০০ বছরেরও পুরোনো নথিগুলো সম্পর্কে গবেষকদের জানানো ও সাধারণ দর্শকদের কাছে এর গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।’প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া ৩১ মার্চ দুপুর আড়াইটায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে অধিদপ্তর।