বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সরকারিভাবে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।গতকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাদের নিয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে দুজনই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় একটি শিশু সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে বাংলাদেশকে নেতৃত্বদানের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শে ও সব ধরনের মানবিক মূল্যবোধের আলোকে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন।ধানমন্ডিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর মধ্যে রয়েছে: যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জনতা ব্যাংক, অফিসার্স ক্লাব, গ্রন্থাগার অধিদপ্তর, যানবাহন পরিবহন ইউনিয়ন, জাতীয় জনতা পার্টি, তিতুমীর কলেজ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, অগ্রণী স্কুল ও কলেজ, তাঁতী লীগ, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি, সোনার বাংলা যুব পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রভৃতি।