বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষণাই ছিল স্বাধীনতার ঘোষণা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ঘোষণাই ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।শিক্ষা মন্ত্রণালয় ১৬ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খণ্ডের এই দলিলপত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। প্রতি সেট ১৫ হাজার টাকা হিসেবে এ বাবদ সরকারের খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা। গতকাল পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এই দলিলপত্র দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রধান বা তাঁদের মনোনীত শিক্ষকদের কাছে দলিলপত্র দেওয়া হয়।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, এ দলিলপত্র বাঙালি জাতির পরিচয় পর্বের ইতিহাস। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের দেশ ও আত্মপরিচয় খুঁজে পাবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চিঠি দিয়েও দলিলপত্র না দেওয়ার অভিযোগ: এদিকে চিঠি দিয়েও রাজধানীর একে উচ্চবিদ্যালয়কে দলিলপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ও ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার সই করা এক চিঠিতে তাঁদের প্রতিষ্ঠানকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র গ্রহণ করার জন্য জানানো হয়। কিন্তু গতকাল সকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাঁকে জানানো হয়, তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম নেই। দায়িত্ব অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দাবি জানান।