বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ দাহ্য পদার্থের মতো কাজ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে শুধু বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার বিষয় ছিল না, ছিল অর্থনৈতিক মুক্তির কথা। বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি কী হবে, তা-ও ওই ভাষণ থেকে উঠে আসে। সর্বোপরি এই ভাষণ মুক্তির সংগ্রামে দাহ্য পদার্থের মতো কাজ করেছে।কথাগুলো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির, যাঁরা সাতই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনেছেন। গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে ‘১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন।আলোচনায় সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটি ছিল তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত। বিশ্বে মনে রাখার মতো যে কটি ভাষণ আছে, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ তার অন্যতম। আব্রাহাম লিংকনের বিখ্যাত গেটিসবার্গ ভাষণের মতো এই ভাষণ সম্পাদনার অবকাশ ছিল না। প্রধান অতিথির ভাষণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের প্রতিটি চরণেই সুস্পষ্ট দিকনির্দেশনা বিদ্যমান। এ ভাষণে বাঙালির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি অন্তর্ভুক্ত হয়েছিল।সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলেই বঙ্গবন্ধু শেষ করতে পারতেন। কিন্তু এর সঙ্গে ‘মুক্তির সংগ্রাম’ যুক্ত করে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন। শিক্ষাবিদ অজয় রায় বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের আগপর্যন্ত কী কী করণীয় আছে, তা সাতই মার্চের ভাষণে ছিল।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটি ছিল স্বাধীনতার বীজমন্ত্র। এই ভাষণ মুক্তিযুদ্ধকালে দাহ্য পদার্থের মতো কাজ করেছে।সন্ধ্যায় ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন রফিক আজাদ, মহাদেব সাহা, হাবিবুল্লাহ সিরাজী, অসীম সাহা, মুহম্মদ সামাদ, কামাল চৌধুরী প্রমুখ।