বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন পালনে শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।দিবসটি উপলক্ষে রাজধানীর সরকারি সংগীত কলেজে উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ শিশু-কিশোরদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে। সকালে জাতীয় জাদুঘরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে।নজরুল ইনস্টিটিউট দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ধানমন্ডিতে প্রতিষ্ঠানের কবি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বিনা মূল্যে শিশুদের পুষ্টি ও চিকিৎসাসেবা দেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতিষ্ঠানের মহাখালীর কার্যালয়ে এ সেবা দেওয়া হবে।পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের লেখা বঙ্গবন্ধু: স্বদেশের প্রতিচ্ছবি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানববন্ধনের আয়োজন করেছে শিশু অধিকার সংগঠন অপরাজেয় বাংলাদেশ।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃৃতিক জোট, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি, সোনার বাংলা যুব পরিষদ ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন।