জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বঙ্গোপসাগরের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক বাড়াতে হবে। এ জন্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি নাগরিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন, বঙ্গোপসাগর ও আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পক্ষে মত দেন। এ জন্য তাঁরা বঙ্গোপসাগরের চারপাশের রাষ্ট্রগুলোর সহযোগিতা জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কো-অপারেশন (বিমসটেক)’–কে শক্তিশালী করার আহ্বান জানান। ঢাকার আমেরিকান সেন্টারের সহযোগিতায় বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতির বক্তব্যে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তন–সংক্রান্ত সার্কের তিনটি ঘোষণাপত্র আছে, কিন্তু তা বাস্তবায়নে রাজনৈতিক উদ্যোগ খুবই অপ্রতুল। সদস্যরাষ্ট্রগুলোকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
মূল প্রবন্ধে কোস্টের গবেষক সৈয়দ আমিনুল হক বঙ্গোপসাগর অঞ্চলের ছয়টি দেশের ছয়জন লেখকের প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
আইইউসিএন, বাংলাদেশের প্রকল্প পরিচালক ড. হাসিব মো. ইরফানুল্লাহ জলবায়ু অভিযোজনেরÿক্ষেত্রে বাংলাদেশের কিছু উদাহরণ তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ক্লাইমেটে অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার পরিচালক সঞ্জয় ভাহসিস্ট কৃষিপ্রযুক্তি, পানির নিরাপত্তা এবং জ্বালানি ব্যবস্থাপনাকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
সভায় আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ, ভুটান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. ডোমাং, যুক্তরাষ্ট্র দূতাবাসের জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা ড. কেভিন এডকিন, আমেরিকান সেন্টারের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা কেলি আর আরিয়ান, ভারতীয় দূতাবাসের প্রতিনিধি সজীব আহমেদ, বিএনএনআরসির এ এইচ এম বজলুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের রেজাউল করিম চৌধুরী।