বছর চলে গেল, তবু বিচার পায়নি আবু বকরের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক হত্যার এক বছর পার হয়ে গেলেও ঘটনার বিচার হয়নি। আসামিরা একে একে জামিনে বেরিয়ে গেছেন। তাঁদের অনেকেই ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। কিন্তু টাঙ্গাইলের প্রত্যন্ত এক গ্রামে এখনো ছেলে হারানোর বেদনায় দিন কাটছে আবু বকরের মা-বাবার। বকরের বাবা দিনমজুর রুস্তম আলী ও মা রাবেয়া খাতুন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামেই থাকেন তাঁরা। ভেবেছিলেন, মেধাবী ছেলে বকর পড়ালেখা শেষ করে তাঁদের দুঃখ ঘোচাবেন। কিন্তু সেই আশা ভেঙে গেছে বকরের মৃত্যুর পরই। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘দুঃখের কথা কী আর বলব বাবা। আমি গরিব মানুষ, আমার তো কোনো ক্ষমতাই নেই। সে কারণেই বোধহয় এখন পর্যন্ত ছেলে হত্যার বিচার পেলাম না।’ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে হলে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে আবু বকর গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। দিবসটি উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি আবু বকরের গ্রামের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তাঁর পরিবার। একটি উচ্চপর্যায়ের কমিটি করে বকর হত্যার তদন্ত করার কথা থাকলেও সেটি হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘আমরাও বকর হত্যাকাণ্ডের বিচার চাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির চেয়েও এখন নিয়মিত মামলার তদন্তই মুখ্য বিষয়। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। তবে বকরের পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয়ের নজর আছে। আর্থিক সহায়তার পাশাপাশি বকরের এক ভাইকে বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ তদন্তে ধীরগতি: সংঘর্ষের পর হলের ছাত্র ওমর ফারুক বাদী হয়ে শাহবাগ থানায় ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে এটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করে পুলিশ। আগে মামলাটি তদন্ত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। এখন তদন্ত কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ ভদ্র। এমদাদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার সময়ে উল্লেখ করার মতো তেমন কোনো কাজ হয়নি। তবে ব্রজেন্দ্রনাথ দাবি করেছেন, মামলার তদন্ত শেষ পর্যায়ে। অগ্রগতি কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাঁরা আহত হয়েছিলেন তাঁদের মেডিকেল সনদ জোগাড় করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন জোগাড় করা হয়েছে।বহিষ্কৃত ব্যক্তিদের ব্যাপারে সিদ্ধান্তহীনতা: বিশ্ববিদ্যালয় কমিটির প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট ১০ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁদের পুরোপুরি বহিষ্কার করা হবে না কেন, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। শিক্ষার্থীরা ওই চিঠির জবাব দিলেও বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তাঁদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘ওই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের অগ্রগতি না হওয়ায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আসামিরা জামিনে: সংঘর্ষের রাতেই শাহবাগ থানা পুলিশ ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুক, ওই হলের ছাত্র ফয়সাল, জসীম, রফিক, কায়েস, রাকিব, আলাল, জুয়েল ও রকিবকে গ্রেপ্তার করে। পরদিন হলের ছাত্র ওমর ফারুক এই আটজনসহ আরও ছয়জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন। তাঁরা হলেন, রনি, আলমগীর, জুয়েল, এনামুল, তুষার ও আলমগীর-২। হলে ওঠার প্রথম দিনে প্রথম বর্ষের তিনজন ছাত্র জেলে থাকলেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট পরের ছয় আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আর প্রথমে যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন সেই আটজনই বিভিন্ন সময়ে জামিনে বেরিয়ে এসেছেন। তাঁদের মধ্যে অনেকেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন।