বছরজুড়ে নর্দমা উপচানো থইথই পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁও থেকে সিপাহীবাগ বাজার ধরে কিছু দূর এগোলেই মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া সংযোগ সড়ক। তবে ভূঁইয়াপাড়ার দিকে কোনো রিকশা যায় না। সেদিকে যাওয়ার জন্য অনুরোধ করার পর রিকশাচালক বললেন, ‘ওই রাস্তা ভালা না। পুরা বছরই রাস্তার উপরে পানি জইম্যা থাকে। অর উপর দিয়া রিকশা লইয়া যামু না।’রিকশা থেকে নেমে ভূঁইয়াপাড়ার দিকে একটু এগিয়ে যাওয়ার পরই রিকশাচালকের কথার সত্যতা পাওয়া গেল। রাস্তার ওপর নর্দমা উপচানো পানি থইথই করছে। নোংরা রাস্তা থেকে বের হচ্ছে দুর্গন্ধ। ওই রাস্তায় হাঁটাচলা করার অবস্থা নেই। তবু স্কুলগামী শিশুদের কোলে নিয়ে অভিভাবকদের বাধ্য হয়েই ওই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।চৌধুরীবাড়ী মোড় থেকে ভূঁইয়াপাড়া পর্যন্ত পুরো এলাকার রাস্তারই অভিন্ন চিত্র। মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া প্রধান সড়ক সারা বছরই নর্দমার পানিতে থইথই করে। বর্ষায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছায়। এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সেখান দিয়ে কোনো যানই চলাচল করতে পারে না।কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার বেহাল অবস্থার কারণে এই এলাকায় কেউ বাসা ভাড়া নিতে চান না। আর নিলেও বেশি দিন থাকেন না।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৬-৮৭ সালের দিকে বিএনপির নেতা মির্জা আব্বাস নিজ উদ্যোগে মেরাদিয়া ও ভূঁইয়াপাড়ায় সড়ক নির্মাণ করেন। সড়কটি হওয়ার পর এলাকার জনগণের যাতায়াতের কষ্ট অনেক কমে যায়। দীর্ঘদিন সড়কটির অবস্থা ভালো ছিল। ভারী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলের কারণে পাঁচ-ছয় বছর ধরে সড়কের অবস্থা খারাপ হতে থাকে। ওই সময় সড়কের অবস্থা একটু খারাপ হলেই ওয়ার্ড কমিশনার তা সংস্কার করে দিতেন। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই সড়ক দুটির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এর কারণ হিসেবে স্থানীয় ব্যক্তিরা জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় সব ওয়ার্ড কমিশনারই আতঙ্কে থাকতেন। মাসের পর মাস এলাকায় থাকতেন না। তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময়জুড়েই কোনো সংস্কার না হওয়ায় রাস্তায় নর্দমার পানি জমে থাকা এখন স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। ২৮ বছর ধরে ভূঁইয়াপাড়ায় আছেন দোকানি হারুনুর রশীদ। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে জানান, ‘তিন-চার বছর ধইরা রাস্তার এই অবস্থা। কেউ রাস্তার পানি পরিষ্কার করে না। রাস্তায় পানি জমলে কাস্টমার আসে না। এ কারণে দোকানের সামনের পানি প্রতিদিন আমি নিজেই পরিষ্কার করি।’জানা যায়, এই এলাকায় ওয়াসার কোনো পয়োনালা নেই। আগে আশপাশের জলাশয় ও মেরাদিয়া নদীতে পয়োবর্জ্য ফেলা হতো। কিন্তু দ্রুত বাসাবাড়ি গড়ে ওঠায় জলাশয়ে বর্জ্য ফেলার পথগুলো বন্ধ হয়ে যায়। তাই বাসাবাড়ির পয়োবর্জ্য রাস্তায় ফেলা হয়।এ কারণে বর্ষার সময় বৃষ্টি ও নর্দমার পানি মিশে একাকার হয়ে যায়। নোংরা পানি রাস্তা ছাড়িয়ে বাসায় ঢুকে পড়ে। রাস্তায় প্রায়ই হাঁটুপানি জমে যায়। ওই সময় পুরো এলাকার মানুষকে বাসায় অবরুদ্ধ থাকতে হয়।সূত্র জানায়, মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া প্রধান সড়কের উন্নয়নে এ বছরের শুরুতে ঢাকা সিটি করপোরেশন ১৩ কোটি টাকার একটি প্রকল্প শুরু করে। ছয় মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি।তবে এলাকাবাসীর ক্ষোভ, উন্নয়নের কাজ যদি হয়, তাহলে কেন রাস্তার পানি নিষ্কাশন করা হচ্ছে না? উন্নয়নকাজের পরও যেই রাস্তা সেই রকমই রয়ে গেছে।যোগাযোগ করা হলে স্থানীয় ওয়ার্ড কমিশনার মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, মেরাদিয়া ও ভূঁইয়াপাড়া সড়কের উন্নয়নে একটি প্রকল্পের কাজ চলছে। কিছু সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানান। তিনি জানান, এলাকায় ওয়াসার পয়োনালা না থাকায় এত দিন পয়োবর্জ্য ফেলার জায়গা ছিল না। তবে এখন থেকে সিপাহীবাগ ও মেরাদিয়া সংযোগস্থলে থাকা ওয়াসার পয়োনালায় ও মেরাদিয়া নদীতে পয়োবর্জ্য ফেলার ব্যবস্থা করা হচ্ছে।