বছরে ছয় হাজার মানুষ আগুনে পুড়ে মারা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর ১৫ থেকে ২৩ লাখ লোক অগ্নিদগ্ধ হয়। মারা যায় ছয় হাজার মানুষ। অনেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার হয়। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় পরিবার।গতকাল রোববার দ্বিতীয় আন্তর্জাতিক বার্ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিস (বিএসবিআই)।অনুষ্ঠানে বিএসবিআইয়ের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন বলেন, অগ্নিদুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটে সচেতনতার অভাবে। মানুষকে সচেতন করলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। তিনি জানান, কিছুদিনের মধ্যে বিএসবিআই ও বিজিএমইএ দেশের পোশাকশ্রমিকদের অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে যৌথভাবে কাজ শুরু করবে।অনুষ্ঠানে বলা হয়, বছরে কত মানুষ অগ্নিদগ্ধ হয়, তার সঠিক পরিসংখ্যান নেই। এর অন্যতম কারণ, অনেক ক্ষেত্রে পোড়া রোগীর চিকিৎসার সময় নিবন্ধন করা হয় না। আয়োজক সংগঠনের মহাসচিব বিজয় কৃষ্ণ দাস বলেন, পোড়া রোগীর চিকিৎসায় প্রয়োজন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সহকারী, চিকিৎসক, সেবিকা, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী সবার সমন্বিত প্রচেষ্টা। এ জন্য দরকার দক্ষ জনশক্তি ও জনসচেতনতা। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি পেশাজীবীদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সম্মেলনের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, আগুনে পোড়া রোগীদের চিকিৎসাসেবা বাড়ানোর ব্যাপারে সরকার আন্তরিক। তিনি বলেন, পর্যায়ক্রমে সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পোড়া রোগীর চিকিৎসার ইউনিট খোলার চেষ্টা চালাচ্ছে মন্ত্রণালয়।বিএসবিআইয়ের সভাপতি (ইলেক্ট) মো. শহীদুল বারী বলেন, বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মৃত্যু ও বিকলাঙ্গের হার অত্যন্ত বেশি। বছরে প্রায় ছয় হাজার মানুষ আগুনে পুড়ে মারা যায়। দুই দিনের এই সম্মেলনে চার শতাধিক চিকিৎসক অংশ নিচ্ছেন, তাঁদের পাঁচজন বিদেশি। গতকাল ছয়টি বৈজ্ঞানিক অধিবেশনে আধুনিক চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বক্তব্য উপস্থাপন করেন।সামান্ত লাল সেন বলেন, এই সম্মেলন থেকে নবীন ও প্রবীণ চিকিৎসকেরা পোড়া রোগীর চিকিৎসার বিষয়ে নতুন নির্দেশনা পাবেন। যাঁরা কখনো পোড়া রোগীর চিকিৎসা করেননি, তাঁরা উৎসাহিত হবেন। বিজয় কৃষ্ণ দাস বলেন, ২০১০ সালের ৩ জুন নিমতলীর দুর্ঘটনা স্মরণে বিএসবিআই ৩ জুন ‘অগ্নি সচেতনতা দিবস’ পালন করে। তিনি দিনটিকে জাতীয় অগ্নি সচেতনতা দিবস ঘোষণা করার জন্য সরকারকে অনুরোধ করেন।