বছরে মারা যাচ্ছে ৩১ হাজার নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডেইলি স্টার ও সেভ দ্য চিলড্রেন আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে অপরিণত শিশুর মৃত্যুহার ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। গতকাল সোমবার ওই বৈঠকে আরও বলা হয়, বাংলাদেশে প্রতিবছর ৩১ হাজার নবজাতক মারা যাচ্ছে। এই হার উদ্বেগজনক।
আজ ১৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড প্রিম্যাচিউরিটি ডে’ পালিত হচ্ছে। দিবসটিকে সামনে রেখে গত সোমবার এ বৈঠকের আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি, মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। তাঁদের প্রত্যেকেই বলেছেন, সময়ের আগে জন্মানো কম ওজনের শিশুর জন্য মায়ের কাছাকাছি থাকা সবচেয়ে জরুরি।
অপরিণত শিশুকে বাঁচাতে ব্যয়বহুল যন্ত্রপাতির দিকে না ঝুঁকে ক্যাঙারু মাদার কেয়ারকে সম্প্রসারণের পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ হোসনে আরা। ক্যাঙারু মাদার কেয়ারে অপরিণত শিশুকে মায়ের বুকের মাঝখানে রেখে উষ্ণতা দেওয়া হয়, শিশু যেন শুধু মায়ের বুকের দুধ খায় সেটি নিশ্চিত করা হয় এবং সংক্রমণ রোধের ব্যবস্থা নেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা শিশু হাসপাতাল ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ক্যাঙারু মাদার কেয়ার চালু করার পর শিশুরা দ্রুত ভালো হয়ে উঠছে বলে জানান প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। বিএসএমএমইউর নবজাতক বিভাগের প্রধান মো. আবদুল মান্নান বলেন, যে শিশুরা এই সেবা পাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। তবে ইউনিসেফের প্রতিনিধি জিয়াউল মতিন বলেন, ক্যাঙারু মাদার কেয়ারের পাশাপাশি হাসপাতালগুলোকে জরুরি অবস্থায় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সেবা দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউবর্ন লাইভস প্রকল্পের পরিচালক সৈয়দ রুবাইয়াত। সময়ের আগে শিশু ভূমিষ্ঠ হওয়ার ৮৩ ভাগ ক্ষেত্রে দায়ী কৈশোরে বিয়ে ও গর্ভধারণ।
ইউএনএফপিএর এ দেশীয় পরিচালকের প্রতিনিধি সৈয়দ আবু জাফর মুহাম্মদ মুসা জানান, কৈশোর স্বাস্থ্য নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে। ইউনিসেফ, ইউএনএফপিএ এতে সহযোগিতা করছে।