বছিলায় চলছে খালের জায়গায় থাকা ভবন ভাঙার কাজ
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু হয়।
অভিযানের শুরুতে এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে খালের জায়গায় থাকা ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। পাশাপাশি শ্রমিকদের দিয়ে মমতাজ শপিং কমপ্লেক্সের অবৈধ অংশ ভাঙার কাজও চলছে।
দ্বিতীয় দিনেও অভিযানে এসে মেয়র মো. আতিকুল ইসলাম খালের মানচিত্র হাতে নিয়ে দখল হওয়া জায়গা ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, মানচিত্র অনুযায়ী খালের জায়গা দখল করে ১০ তলার দুটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবন দুটির একটির ৩০ ফুট অংশ খালের জায়গায়। অন্যটির সাতটি খালের জায়গা ভরাট করে তৈরি করা হয়েছে। এ ছাড়া খাল ভরাট করে শতাধিক টিনশেডের বস্তিঘর বানানো হয়েছে।
ডিএনসিসি মেয়র সাংবাদিকদের বলেন, মগের মুল্লুক হয়ে গেছে। যে যেভাবে পেরেছে, খালের জায়গা দখল করেছে। খাল ভরাট করে ঘরবাড়ি বানিয়েছে। তিনি বলেন, ‘খালের দায়িত্ব সিটি করপোরেশনের ছিল না। তাই আগে কী হয়েছে, কীভাবে দখল হয়েছে, বলতে পারব না। কিন্তু এখন খালের দায়িত্ব আমার। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে খালের অবৈধ দখলদার উচ্ছেদের অভিযান চলছে। ঢাকার প্রত্যেকটি খাল মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।’
অবৈধ দখলদারেরা চুপ করে আছে জানিয়ে মেয়র আরও বলেন, যারা দখলদার, তারা জানে তারা অবৈধ। তাই চুপ করে আছে। জায়গার ও ভবন নির্মাণের বৈধতা থাকলে তারা কাগজপত্র এনে দেখাত। গতকালের মতো আজও মেয়র ভ্রাম্যমাণ অফিস করে জরুরি কিছু ফাইলে স্বাক্ষর করেন।
বেলা একটার দিকে ট্রাক টার্মিনাল উচ্ছেদ শুরু হয়। এ সময় টার্মিনালে পার্ক করে রাখা শতাধিক ট্রাক বের করে দেওয়া হয়।
ট্রাক সম্পূর্ণ সরানো শেষ হয়ে সামনের অংশটা এক্সকাভেটর দিয়ে খনন করে দেওয়া হবে বলে জানান অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ। উদ্ধার অভিযান বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে।