বছিলায় বুড়িগঙ্গা ভরাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বছিলায় বুড়িগঙ্গা নদী ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বছিলা সেতুর নিচে অবৈধভাবে নদী ভরাট করা হচ্ছিল।গতকাল মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল র‌্যাবের সহায়তায় নদী ভরাটের কাজ বন্ধ করে দেয়।বছিলার ওয়াশপুরে একটি ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার জন্য কিছুদিন ধরে ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কাজ করছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। জমির মালিকানা দেখানো হয়েছে মাইশা গ্রুপের। ওই সাংসদ এ গ্রুপের চেয়ারম্যান।অভিযানকারী দল জানায়, বিদ্যুৎ প্রকল্পের জন্য নদীতীরে মাটি ও বালু ফেলা হচ্ছিল। এ বিষয়ে জানতে গতকাল আসলামুল হকের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ ছিল।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে এনফোর্সমেন্ট দল ঘটনাস্থলে উপস্থিত ঢাকা ওয়েস্ট পাওয়ারের কর্মকর্তাদের কাছে পরিবেশ ছাড়পত্র এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমতিপত্র চায়। কিন্তু তাঁরা তা দেখাতে পারেননি। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী কোনো প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নেওয়ার আগে ভূমির উন্নয়ন করা যায় না।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, ছাড়পত্র কমিটির গত ১৩ জুন অনুষ্ঠিত সভায় প্রকল্প এলাকায় ত্রুটি-বিচ্যুতি থাকায় এবং জরুরি কাগজপত্র দাখিল না করায় ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় নদীর জায়গা পরীক্ষা করে তাঁদের জানানোর পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।