বটমূলে নতুন প্রভাতে ছায়ানটের সুরের ঝরনাধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনায় ছায়ানটের বর্ষবরণে এসেছে এই শিশু
ছবি: তানভীর আহাম্মেদ

রমনার বট-অশ্বত্থসহ অজস্র তরুলতা ভরে আছে নতুন সবুজ পাতায়। দুলছে ভোরের স্নিগ্ধ হাওয়ায়। আঁধার সরিয়ে সূর্য উঠে এল। বটমূলে সবুজ-সাদা বেশে ছায়ানটের শিল্পীরা যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে ছড়িয়ে দিলেন সুরের লহরি আজ বৃহস্পতিবার ১৪২৯ বঙ্গাব্দের পয়লা বৈশাখে।

করোনা অতিমারির কারণে গত দুই বছর রমনার বটমূলে বর্ষবরণের ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি সংগীতানুষ্ঠানটি হতে পারেনি। ১৯৬৭ সালে শুরু হওয়া এ অনুষ্ঠানে কেবল ছেদ পড়েছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়। অতিমারির দুঃসময় অতিক্রম করে জীবনে ফিরে আসছে স্বাভাবিক কর্মপ্রবাহ। নতুন বছরে এ নতুন বাস্তবতাকে উদ্দীপনা জাগাতে আনন্দের গান নিয়ে সাজানো হয়েছিল এবারের ছায়ানটের গানের অনুষ্ঠান। মূল ভাব ছিল ‘নব আনন্দে জাগো’।

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন এবারও নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। নব্বই বছরে পা রাখা সন্‌জীদা খাতুন শারীরিক দুর্বলতায় এবার অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারেননি। আগে ধারণ করা তাঁর গাওয়া ‘নব আনন্দে জাগো’ গানটি বাজিয়ে শোনানো হয়। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাহী সভাপতি সারওয়ার আলী লোভ-বিদ্বেষ-অসহিষ্ণুতা কাটিয়ে সবার জীবনে নতুন বছর মঙ্গলবার্তা বয়ে আনুক, দেশের উন্নয়নে গতি সঞ্চার করুক—এমন কামনা করেন। শ্রোতাদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল ৬টা ১৫ মিনিটে রামকেলি রাগ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘মন, জাগো মঙ্গললোকে’। তারপর আহির ভৈরব রাগে এবাদুল হক সৈকতের সেতারবাদন, পরে বিজন চন্দ্র মিস্ত্রী গাইলেন নজরুলসংগীত ‘অরুণকান্তি কে গো যোগী ভিখারি’। তোড়ি রাগে ছোট আলাপ শোনালেন বিটু কুমার শীল। সুস্মিতা দেবদনাথ গাইলেন নজরুলের ‘জাগো জাগো খোলো গো আঁখি’। একক ও সম্মেলক গান, যন্ত্রবাদন, রাগ সংগীতের পরিবেশনা—এভাবেই অনুষ্ঠান চলছিল।

করোনার কারণে দুই বছর রমনার বটমূলে বর্ষবরণের ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি সংগীতানুষ্ঠানটি হতে পারেনি
ছবি: তানভীর আহাম্মেদ

ছায়ানটের এ অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় ধরে মহড়া চলে। ফলে মঞ্চের পরিবেশনা হয় ত্রুটিমুক্ত, তাতে কোনো ছেদ পড়ে না। কার পরে কে কি পরিবেশন করবেন, তা নির্ধারিত থাকে। অনুষ্ঠান শুরু হলে তা এগোতে থাকে স্বতঃস্ফূর্তভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন—এই পাঁচ কবির গানের সঙ্গে লালন সাঁই, গুরু সদয় দত্তের ব্রতচারীর গান, গিরীন চক্রবর্তীর পল্লিগীতি এবং নুরুল ইসলাম জাদিদের ভাওয়াইয়া দিয়ে সাজানো হয়েছিল গানের মালা। সঙ্গে ছিল আবৃত্তি ও পাঠ, যেমন থাকে বরাবর।

প্রায় আড়াই ঘণ্টার এ অনুষ্ঠানে সব মিলিয়ে পরিবেশনা ছিল প্রায় ৩৪টি। একক গানের মধ্যে শাহীদ সামাদ গেয়েছেন ‘অন্তরে তুমি আছ চিরদিন’, খায়রুল আনাম শাকিল গেয়েছেন ‘আন আন অমৃত বারী’, লাইসা আহমদ লিসা গেয়েছেন ‘গাও বীণা, বীণা গাও রে’, শারমিন সাথী ইসলাম গেয়েছেন ‘যদি তোর হৃদ্‌-যমুনা’, তানিয়া মান্নান গেয়েছেন ‘ক্ষত যত ক্ষতি যত’, এ টি এম জাহাঙ্গীর গেয়েছেন ‘প্রাণে খুশির তুফান উঠেছে’, কানিজ হুসনা গেয়েছেন ‘আজ সকাল সূর্য ওঠা’, বিমান চন্দ্র বিশ্বাস গেয়েছেন ‘মানুষ গুরু নিষ্ঠা যার’, এরফান হোসেন গেয়েছেন ‘আজ নয়া বছর, নয়া মাস, নয়া দিন’। আরও কিছু ছিল একক গান ও আবৃত্তি।

এ ছাড়া সম্মেলক পরিবেশনার মধ্যে ছিল ‘বাংলা ভূমির প্রেমে আমার’, ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’, ‘প্রভাত বীণা তব বাজে হে’ ‘নবীন আশা জাগল যে রে আজ’, ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’সহ বেশ কটি গান।

অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল সোয়া ছয়টায় রামকেলি রাগ পরিবেশনার মধ্য দিয়ে
ছবি: তানভীর আহাম্মেদ

শেষ পর্যায়ে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, হৃদয়ে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে মানবিক সমাজ গঠনে আমাদের প্রাণিত করে বাংলা নববর্ষ। এ প্রত্যয় অর্জনে অর্ধশতাধিক বছর ধরে সুর ও বাণীর আবহে রমনার বটমূলে আয়োজিত হচ্ছে বাঙালির মিলনমেলা। অতিমারির কারণে গত দুটি বছর আর্থিক ও সামাজিক বিপর্যয় এবং স্বজন হারানোর বেদনা নিয়ে আমরা গৃহবন্দী ছিলাম। দুঃসময় পেরিয়ে এবার নব আনন্দে জাগ্রত হওয়ার আয়োজন। এ পর্যায়ে ছায়ানটের সভাপতি, লেখক ও গবেষক সন্‌জীদা খাতুনের গাওয়া ‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে/ শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে/ নব আনন্দে জাগো’ গানটি শোনানো হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনা দিয়ে শেষ হয় এই ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান।