সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

অবৈধ দখলদার উচ্ছেদ, সড়ক খোঁড়াখুঁড়িতে ভোগান্তি কমানো, পানি-গ্যাসের সমস্যা সমাধান, মাদকমুক্ত ওয়ার্ড—২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনের আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিয়েছিলেন এসব প্রতিশ্রুতি। প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি এসব সমস্যার। ফলে ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তিও কমেনি।
দারুস সালাম, গোলারটেক, প্রথম কলোনি, দ্বিতীয় কলোনি, তৃতীয় কলোনি, লালকুঠি ও গাবতলীর কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ নম্বর ওয়ার্ড। ১ দশমিক ৬৬৯ বর্গকিলোমিটারের এ ওয়ার্ডে ভোটার প্রায় ৫৯ হাজার। বসবাস করেন লক্ষাধিক মানুষ।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডে সরকারি জলাশয়ের জায়গায় গড়ে তোলা হয়েছে ইট-বালু বিক্রির দোকান। কবরস্থানের ভেতরে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। অপরিচ্ছন্ন কবরস্থানের ভেতরে চরে বেড়াচ্ছে গরু-ছাগল। অনেক সড়কে চলছে খোঁড়াখুঁড়ি।
ওয়ার্ডের দ্বিতীয় কলোনি এলাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনেই একটি জলাশয়। জলাশয়ের দুই পাশে নির্মাণসামগ্রী রাখা। সেখানে ইট, বালু, সুরকি বিক্রি হচ্ছে। ছোট দুটি ঘরও তোলা হয়েছে। জলাশয়ের পাশের সড়কের ফুটপাতেও রাখা হয়েছে নির্মাণসামগ্রী। ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অবস্থিত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের দক্ষিণ পাশেই এসব নির্মাণসামগ্রী বিক্রির দোকান।
নির্মাণসামগ্রী বিক্রির দোকানের স্বত্বাধিকারী মুরাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘দোকান সরকারি জায়গাতে। তবে ব্যবসার অনুমতি আছে।’ সরকারের কোন সংস্থার কাছ থেকে অনুমতি নিয়েছেন, জানতে চাইলে তিনি পরে দেখা করে এ বিষয়ে কথা বলতে বলেন।
জলাশয়ের পাশে টানানো সাইনবোর্ডে দেখা যায়, জমির মালিক মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি। এ বিষয়ে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন বলেন, বুদ্ধিজীবী কবরস্থানের ওখানে শিশু একাডেমির একটি জায়গা আছে। সেখানে ভবিষ্যতে শিশু একাডেমির একটি ভবন তোলা হবে। শিশু একাডেমির জায়গায় শিগগিরই দেয়াল তোলা হবে।
ওয়ার্ডের যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ১ নম্বর কলোনির সামনে প্রধান সড়কের ওপরই কয়েক দিনের পুরোনো ময়লা-আবর্জনা পড়ে আছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। জড়ো করা ময়লায় কারা যেন দিনের বেলাতেই আগুন ধরিয়ে দিয়েছে।
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর ও চারপাশ বেহাল। কবরস্থানের ভেতরে গরু-ছাগল চরে বেড়াচ্ছে। এলাকার লোকজনের ফেলা ময়লা-আবর্জনা কবরস্থানের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কবরস্থানের শেষ সীমানায় দিয়াবাড়ি নতুন সড়কের পাশে সীমানাদেয়াল ভাঙা। কবরস্থানের ভেতরে গড়ে ওঠা ঘরবাড়ির বাসিন্দারা যাতায়াতের জন্য দেয়াল ভেঙে চলার সহজ পথ বানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, কবরস্থানের ভেতরে ডিএনসিসির কর্মচারীরা ঘর তুলেছেন। দিনের বেলাতেও এই এলাকায় মাদকের আড্ডা বসে। মাদকসেবীদের কারণে সন্ধ্যার পর কবরস্থানের আশপাশ দিয়ে চলার উপায় থাকে না।
প্রথম কলোনি ও দ্বিতীয় কলোনির ভেতরের বিভিন্ন সড়ক, লালকুঠি, বর্ধনবাড়ি ও দারুস সালাম এলাকার বেশির ভাগ সড়ক ভাঙাচোরা ও এবড়োখেবড়ো। ওয়ার্ডের বেশ কিছু সড়কে চলছে সংস্কারকাজ। খোঁড়াখুঁড়ির কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
দেখা যায়, পুরো মাজার রোডেই চলছে সংস্কারকাজ। সড়কের প্রথম কলোনি অংশে সড়কের এক পাশ বন্ধ করে পানিনিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে। খুঁড়ে তোলা মাটি সড়কেই ফেলে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমেও সড়কের বন্ধ অংশে ময়লা পানিতে সয়লাব।
ওয়ার্ডের বিভিন্ন এলাকার অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় পানির সমস্যা রয়েছে। ওয়াসার পানিতে মাঝেমধ্যেই পাওয়া যায় দুর্গন্ধ। তাঁরা অভিযোগ করেন, ওয়ার্ডের কয়েকটি স্থান মাদকের পরিচিত স্পট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান চালালেও বন্ধ হয় না মাদকসেবীদের আড্ডা।